মামলা প্রত্যাহার সম্ভব নয়, বললেন উপাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলা প্রত্যাহারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর অনশন অব্যাহত রয়েছে। তবে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট জানিয়ে দিয়েছে, মামলা প্রত্যাহার করা সম্ভব নয়। উপাচার্যের বাসভবনে ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার অভিযোগে গত ২৬ মে ৫৪ জন শিক্ষার্থীর বিরুদ্ধে এই মামলা করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। আসামিদের মধ্যে ১৪ জন নারী শিক্ষার্থী।

গত শনিবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে আমরণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল রোববার দুপুরে জরুরি সিন্ডিকেট সভা বসে। সভা শেষে পৌনে ছয়টার দিকে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মামলার বাদী রাষ্ট্র। আমাদের পক্ষে মামলা প্রত্যাহার করা সম্ভব নয়।’

উপাচার্য বলেন, অনশন প্রত্যাহার করার জন্য সিন্ডিকেট শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে। বিষয়টি নিয়ে যাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে অশোভন কথাবার্তা লিখছেন, তাঁদেরও সিন্ডিকেট থেকে সতর্ক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। সিন্ডিকেটের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ‘প্রতিবাদের নাম জাহাঙ্গীরনগর’ এই ব্যানারের অন্যতম সংগঠক ও ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক নজির আমিন জয় বলেন, এ সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রশাসন তার ক্রোধকেই জিইয়ে রাখছে। প্রশাসনের এ সিদ্ধান্তের পর অনশন কর্মসূচি অব্যাহত থাকবে।

মামলা প্রত্যাহারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত ব্যানার শিক্ষক-শিক্ষার্থী ঐক্য মঞ্চের অন্যতম মুখপাত্র ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘সিন্ডিকেটের এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমাদের অবস্থান আগের মতোই থাকবে। সোমবার দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে তা জানানো হবে।’

গত শনিবার রাত পর্যন্ত অনশনকারী শিক্ষার্থী ছিলেন তিনজন। তাঁরা হলেন ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক ও ইংরেজি বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী সরদার জাহিদুল ইসলাম, একই বিভাগের তাহমিনা জামান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থী পূজা বিশ্বাস। গতকাল সকালে অনশনে যোগ দেন আইনের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী খান মুনতাসির আরমান। জাহিদুল ও পূজার নামে মামলা রয়েছে। অন্য দুজনের বিরুদ্ধে মামলা নেই।