চট্টগ্রামে পুলিশি হেফাজতে মানিক মিয়া (৩২) নামের এক নৈশপ্রহরীকে পিটিয়ে ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলাটি থেমে আছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলায় তিন পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হলেও তা কার্যকর হয়নি।
মামলার প্রধান আসামি নগরের কোতোয়ালি থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. ইউনুস জামিনে এসে হত্যা মামলাটি প্রত্যাহার করতে নিহত ব্যক্তির পরিবারকে চাপ দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে অভিযোগপত্রভুক্ত মামলার আসামি বর্তমানে সাময়িক বরখাস্ত মো. ইউনুস বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। দোষ শুধু আমার ওপর চাপানো হয়েছে। আমি কাউকে মামলা প্রত্যাহার করতে চাপ দিইনি।’
জানতে চাইলে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘তিন পুলিশের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হচ্ছে।’
হত্যার ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. সামছউদ্দিন আহমেদের দায়ের করা অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, আটককালে নৈশপ্রহরী মানিক মিয়া সুস্থ ছিলেন। পুলিশি হেফাজতে তিনি জখমপ্রাপ্ত হন। ওই জখমের কারণেই মানিক মিয়া মারা গেছেন। আটক আসামির নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কোতোয়ালি থানার পুলিশের। সাক্ষ্য আইনের ১০৬ ধারা মোতাবেক মানিক মিয়াকে জখম করেননি প্রমাণের দায়িত্ব এসআই ইউনুস মিয়ার।
মানিক মিয়ার ময়নাতদন্ত প্রতিবেদনে তাঁর কপালে, মাথার খুলিতে ও ঘাড়ে তিনটি জখমসহ শরীরে আটটি জখমের কথা বলা আছে। এসআই ইউনুস মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হওয়ায় অভিযোগপত্র দাখিল করে সিআইডি।
হাজতে থাকা প্রত্যক্ষদর্শী সাক্ষীর বক্তব্য: সিআইডির কাছে সাক্ষী সৌমেন দাশ তাঁর জবানবন্দিতে উল্লেখ করেন, ২০১০ সালের ১১ মে সকাল সাতটা ১৫ মিনিটে কোতোয়ালি থানাহাজতে অবস্থানকালে এক ব্যক্তিকে মারধরের শব্দ ও চিৎকার শোনেন। ২৫ মিনিট পর পুলিশ মানিক মিয়াকে হাজতে নিয়ে এলে মানিক মিয়া কান্নাকাটি শুরু করে বলেছেন, জিজ্ঞাসাবাদ করার সময় তাঁকে মারধর করা হয়েছে। বৈদ্যুতিক শক দেওয়া হয়েছে। এই মারধরে মানিক মিয়া মারা যান।
ঘটনার সময় কোতোয়ালি থানার এসআই শাহীন কামাল, ডিউটি অফিসার এসআই রুহুল আমিন ও কনস্টেবল মাহবুবুর রহমান তাঁদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন না করায় তাঁদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা।
বিষয়টির সত্যতা স্বীকার করে সিআইডির পরিদর্শক মো. সামছউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে আমি সাক্ষ্য দিয়েছি। তারপর কী হয়েছে, জানি না।’
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চম্বোরতী এলাকার জিয়াউল হকের ছেলে মানিক মিয়া ২২ বছর ধরে চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকায় আঞ্জুমান হোটেলে নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন। ২০১০ সালের ৭ মে ওই হোটেলের নিচতলায় এশিয়া টেলিকম নামের একটি দোকানে চুরি হয়। এ ঘটনায় দোকানমালিক আরমান আহম্মেদ কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে সন্দেহজনকভাবে ওই থানার এসআই মো. ইউনুস নৈশপ্রহরী মানিক মিয়াকে ১০ মে থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে আটকে রাখেন। তাঁর স্বজনেরা খবর নিতে গেলে বলেন, এ মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরদিন সকালে তাঁর স্বজনেরা থানায় গিয়ে জানতে পারেন, মানিক অসুস্থ। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁর মৃত্যু ঘটে।
চুরির মামলা দায়েরকারী আরমান আহম্মেদ জানান, অভিযোগে কাউকে সুনির্দিষ্টভাবে তিনি আসামি করেননি। নৈশপ্রহরী মানিককে গ্রেপ্তারের জন্য তিনি এসআই ইউনুসকে বলেননি। মানিক কীভাবে মারা গেছে, তা তিনি জানেন না।
মামলার বাদী নিহত ব্যক্তির ভাই জসিম উদ্দিন বলেন, ‘আমরা গরিব মানুষ। মামলা প্রত্যাহার করে নিতে আসামি পুলিশ চাপ দিচ্ছে। আমাদের কাছ থেকে একটি আপসনামাও নেয়। শুনেছি, হত্যা মামলায় আপস হয় না।’
মামলার সাক্ষী হোটেলমালিক আলাউদ্দিন বিটু বলেন, ‘নিহত ব্যক্তির স্বজনেরা গরিব হওয়ায় প্রতিনিয়ত মামলা প্রত্যাহারের চাপ দিচ্ছে আসামি পুলিশ।’