রংপুরের একটি থানার সাবেক উপপরিদর্শক (এসআই) আবুবকর সিদ্দিকের বিরুদ্ধে নির্যাতন ও যৌন হয়রানির অভিযোগে করা মামলা প্রত্যাহারে বাদীকে চাপ দেওয়া হচ্ছে কি না, তা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অভিযোগটি তদন্ত করে আগামী চার সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে স্বরাষ্ট্রসচিবকে বলা হয়েছে।
বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার রুলসহ এ আদেশ দেন। গতকাল রিটটি করেন ওই নারীর ভাই।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোরশেদুল আলম। পরে মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, ২০১২ সালে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ওই নারীকে নির্যাতন ও যৌন হয়রানি করা হয়। ওই ঘটনায় আবুবকর সিদ্দিকীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওই বছরের ১২ জানুয়ারি মামলা করা হয়। আবুবকর আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। পরে তিনি জামিনে বেরিয়ে এসে বাদী ও ক্ষতিগ্রস্তকে মামলা প্রত্যাহারে চাপ দেন ও ভয়ভীতি দেখান। এ ব্যাপারে রংপুরের পুলিশ সুপারের কাছে চলতি বছরের ২০ আগস্ট লিখিত অভিযোগ করার পরও অবস্থার উন্নতি না হওয়ায় রিটটি করা হয়। আইনগত প্রক্রিয়া ছাড়া বাদীর বাড়িতে প্রবেশ ও তল্লাশি না করতে এবং বাদীর নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন আদালত।