বখাটের নির্যাতনের অপমান সইতে না পেরে বরিশালের গৌরনদী উপজেলায় স্কুলছাত্রী ও সংগীতশিল্পী সেতু মণ্ডলের আত্মহত্যার ঘটনায় করা মামলা প্রত্যাহারের জন্য বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গত রোববার নিরাপত্তা চেয়ে সেতুর বাবা অমূল্য মণ্ডল গৌরনদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে অমূল্য উল্লেখ করেন, ‘আমার মেয়ে মাহিলাড়া অনন্ত নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী সেতুকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে মাহিলাড়া গ্রামের ইমন (১৬) নামের এক বখাটে উত্ত্যক্ত করত। ৮ সেপ্টেম্বর ইমন একদল সহযোগী নিয়ে সেতুকে অপহরণ করে। পরে বাঘার গ্রামে একটি বাড়িতে আটকে রেখে সেতুর ওপর নির্যাতন চালানো হয়। এই অপমান সইতে না পেরে আমার মেয়ে আত্মহত্যা করে। এ ঘটনার পর বখাটে ইমনকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করি। এর পর থেকে মামলা প্রত্যাহারের জন্য আমাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।’