নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় চাঁদার দাবিতে বৈদ্যুতিক টাওয়ার নির্মাণের কাজ বন্ধ করার ঘটনায় শীর্ষস্থানীয় সন্ত্রাসী আরমানকে পুলিশ পাঁচ দিনেও গ্রেপ্তার করতে পারেনি। উল্টো মামলা প্রত্যাহারের হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা। হুমকির মুখে প্রকল্প এলাকায় আসা বন্ধ করে দিয়েছেন ঢাকার কর্মকর্তারা।তবে, বিদ্যুৎ উন্নয়নের এই কার্যক্রম এগিয়ে নিতে সজাগ হয়েছে এলাকাবাসী। শুক্রবারের ঘটনার পর থেকে স্থানীয় কোরবানপুর গ্রামের বাসিন্দারা কয়েকটি দলে ভাগ হয়ে দিনরাত পাহারা দিচ্ছে প্রকল্পকর্মীদের।টাওয়ার নির্মাণকারী প্রতিষ্ঠান থেকে জানা যায়, সোনারগাঁর মেঘনা ঘাট পাওয়ার প্ল্যান্ট থেকে ঢাকার আমিনবাজার পর্যন্ত বিদ্যুৎ বিভাগের ৪০০ কেভির বৈদ্যুতিক টাওয়ারের নির্মাণকাজ করছে উপঠিকাদার কোরীয় প্রতিষ্ঠান হ্যান বায়েক কোম্পানি লিমিটেড। ১৪৩টি টাওয়ারের মধ্যে এ পর্যন্ত তারা ১৩৭টি টাওয়ার নির্মাণ করেছে। বাকি ছয়টি টাওয়ারের নির্মাণকাজ শেষ হলে প্রকল্পটি প্রধানমন্ত্রীর উদ্বোধন করার কথা।হ্যান বায়েক লিমিটেডের কর্মকর্তারা বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের এই কাজটি করতে গিয়ে কোথাও তাঁদের কোনো সমস্যা হয়নি। সব জায়গায় স্থানীয় লোকজন সহযোগিতা করলেও শেষভাগে এসে আরমান ও তাঁর লোকজন নির্মাণসামগ্রীর ঠিকাদারি ও চাঁদার দাবি জানান। গত শুক্রবার ওই সন্ত্রাসীরা হ্যান বায়েকের হিসাবরক্ষক মনির হোসেন, অফিস সহকারী মোহাম্মদ আলী শেখ ও ঠিকাদার মো. মিঠুকে প্রকল্প স্থান থেকে পাঁচ কিলোমিটার দূরে নিয়ে যায়। তারা আরমানের বাড়ি মোগড়াপাড়া ইউনিয়নের পিয়ারনগরে নিয়ে তাঁদের ছয় ঘণ্টা আটকে রাখে। কেড়ে নেয় তাঁদের একটি মোটরসাইকেল, টাকা ও নির্মাণসামগ্রী। এ ঘটনায় আরমান ও তাঁর সহযোগী দিল মোহাম্মদকে আসামি করে মামলা করা হয়। পুলিশ গত রোববার দিল মোহাম্মদকে গ্রেপ্তার করে।সোনারগাঁর মেঘনা তীরবর্তী কোরবানপুর গ্রামে প্রকল্প এলাকায় গতকাল মঙ্গলবার সকাল আটটার দিকে গিয়ে দেখা যায়, প্রকৌশলীদের তত্ত্বাবধানে শ্রমিকেরা ফের টাওয়ার নির্মাণের কাজ শুরু করেছেন। তাঁদের আশপাশে পাহারায় ছিলেন কয়েকজন গ্রামবাসী। তাঁদের আশঙ্কা, সন্ত্রাসীরা রাতে নৌযানে করে এসে হামলা চালাতে পারে।সেখানে কথা হয় প্রকল্পের প্রকৌশলী মো. মোমরেজ আলীর সঙ্গে। তিনি বলেন, ‘সন্ত্রাসী আরমান ও তাঁর লোকজন প্রতিদিনই আমাদের ফোনে হুমকি দিচ্ছে। এই পরিস্থিতিতে কাজটি চালিয়ে নেওয়া হয়তো আমাদের সম্ভব হবে না।’কোরবানপুর গ্রামের বাসিন্দা আজগর আলী বলেন, ‘দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কাজ এগিয়ে নিতে আমরা চাই দ্রুত এই প্রকল্পের কাজ শেষ হোক। এ জন্যই আমরা বিনা শ্রমে দিনরাত পাহারা দিচ্ছি।’শুক্রবারের ঘটনা উল্লেখ করে আজগর বলেন, ‘আমরা ওই দিন সংগঠিত ছিলাম না বিধায় এ ধরনের ঘটনা ঘটেছে। তা ছাড়া সন্ত্রাসী আরমানের ভয়ে অনেকে ঘটনার সময় এগিয়ে আসেনি।’কোরবানপুর গ্রামে প্রকল্প এলাকার বাসভবনে কথা হয় হ্যান বায়েকের প্রকল্প কর্মকর্তা মিনহোর সঙ্গে। তিনি বলেন, ‘সন্ত্রাসীরা প্রকল্পের বিভিন্ন কর্মকর্তাকে ফোন করে প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং মামলা তুলে না নিলে রাতে এসে কর্মকর্তাদের খুন করবে বলে শাসাচ্ছে। ভয়ে ঢাকা অফিসের কর্মকর্তারা প্রকল্প এলাকায় আসা বন্ধ করে দিয়েছেন।’সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আরমানকে গ্রেপ্তার ও হ্যান বায়েকের ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর কর্মকর্তাদের নিরাপত্তার জন্য প্রতিদিন প্রকল্প এলাকায় তিনজন করে কনস্টেবল পাঠানো হচ্ছে।’নারায়ণগঞ্জের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, ‘পুলিশ খোঁজখবর রাখছে, সেখানে যাচ্ছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা স্থায়ীভাবে পুলিশ মোতায়েন করতে পারব না। যদি প্রকল্প এলাকার লোকজন স্থানীয় পুলিশ প্রহরার প্রয়োজন মনে করেন, তবে তাঁদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশ মোতায়েনের লিখিত অনুমতি আনতে হবে।’