মামলা প্রত্যাহারে হুমকি, বাদী বাড়িছাড়া চার মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলায় গত ৩১ মার্চ আড়বাব ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন চলাকালে রঘুনাথপুর গ্রামের জিয়াউর রহমানকে নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী রেহানা বেগম লালপুর থানায় মামলা করেন। কিন্তু মামলা প্রত্যাহারে আসামিদের অব্যাহত হুমকির মুখে তিনি দুই সন্তান নিয়ে স্বামীর বাড়ি ছাড়তে বাধ্য হন। আজও ফেরা হয়নি তাঁর।
জিয়াউর ছিলেন বিএনপির চেয়ারম্যান প্রার্থীর সমর্থক। ৩১ মার্চ তাঁর ভাতিজা এমরান হোসেন ভোট দেওয়ার পর বাক্সে ব্যালট ফেলতে যান। এ সময় নৌকা প্রতীকের প্রার্থীর এজেন্ট তাঁর হাত থেকে ব্যালট পেপারটি কেড়ে নিয়ে তাঁকে থাপ্পড় দেন। এ নিয়ে জিয়াউরের (৪০) সঙ্গে নৌকার কর্মীদের বাগ্বিতণ্ডা হয়। পরে দুপুরে নিজ বাড়ির সামনে জিয়াউরকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী রেহানা বাদী হয়ে একই গ্রামের মুনছুর হোসেন, আরাফাত, রবিউলসহ সাতজনের বিরুদ্ধে লালপুর থানায় মামলা করেন। তাঁরা সবাই আওয়ামী লীগের কর্মী।
জিয়াউরের প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে, হত্যাকাণ্ডের ১২ দিনের মাথায় রেহানা তাঁর ছেলে রাকিবুল ইসলাম ও মেয়ে জাকিয়া সুলতানাকে নিয়ে স্বামীর বসতভিটা ছেড়ে প্রায় ২০ কিলোমিটার দূরে বাবার বাড়িতে আশ্রয় নেন।
এ বিষয়ে রেহানা বলেন, আসামি ও তাঁদের আত্মীয়স্বজন তাঁকে মামলা তুলে নিতে চাপ দেন। রাজি না হলে আসামিরা তাঁকে ও তাঁর ছেলেমেয়েদের হত্যার হুমকি দেন। এই পরিস্থিতিতে তিনি বাবার বাড়ি চলে আসেন। হুমকির ঘটনায় তিনি লালপুর থানায় ২৯ মে সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিনি আরও বলেন, রাকিবুল ইসলাম এবার এসএসসি ও জাকিয়া সুলতানা পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা দেবে। কিন্তু নিরাপত্তার অভাবে তারা স্কুলে যেতে পারছে না। তাই তাদের নানার বাড়ির এলাকার একটি স্কুলে ক্লাস করার ব্যবস্থা করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে রেহানা বলেন, মামলাটি যত দিন লালপুর থানার অধীনে ছিল, তত দিন আসামিরা এলাকাতেই ছিলেন। পরে মামলাটি সিআইডির (রাজশাহী) অধীনে চলে গেলে ছয় আসামি আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এখনো তাঁরা কারাগারে আছেন। কিন্তু অন্য আসামি আরাফাত হোসেন এখনো গ্রামের বাড়িতেই আছেন। তিনি মামলা তুলে নিতে নানাভাবে চাপ দিচ্ছেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার বলেন, রেহানা বেগম জিডি করার পরপরই আসামিরা কারাগারে ঢুকেছেন। এক আসামি বাইরে থাকার বিষয়টি তাঁর জানা নেই। এ ছাড়া বাদী নিজেও তাঁর সন্তানদের নিয়ে আর ওই গ্রামে (রঘুনাথপুর) বসবাস করেন না। পরবর্তী সময়ে আর কোনো সমস্যার কথা তাঁকে জানানো হয়নি।
৩১ মার্চ অনুষ্ঠিত আড়বাব ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী বেলাল হোসেন বলেন, তাঁর সমর্থক জিয়াউর খুনের ঘটনায় তিনি মর্মাহত। তবে তিনি নিজেও চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ কারণে জিয়াউরের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। শিগগিরই তিনি দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে তাঁদের সঙ্গে দেখা করবেন। সহযোগিতা দেবেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের প্রার্থী ইসাহাক আলী আড়বাব ইউপির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, আসামিদের পক্ষ থেকে বাদীকে হুমকি দেওয়ার এ বিষয়টি তাঁর জানা নেই।