চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হেলাল আকবর চৌধুরী ওরফে বাবরসহ ছাত্রলীগ ও যুবলীগের সাবেক ১০ কর্মীর বিরুদ্ধে দায়ের হওয়া আলোচিত একটি হত্যা মামলা প্রত্যাহারের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
গতকাল সোমবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদ শুনানি শেষে এ আদেশ দেন। ১৪ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য রাখেন। গত রোববার মামলাটি প্রত্যাহারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালের কৌঁসুলি আইয়ুব খান আদালতে আবেদন করেন।
গত শনিবার ‘হত্যার ১৯ বছর পর মামলা প্রত্যাহারের আবেদন’ শিরোনামে শুধু প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট আইয়ুব খান বলেন, ‘মামলা প্রত্যাহারের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বিচারক আদেশে উল্লেখ করেন, মামলার নথি পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে মামলাটি প্রত্যাহার করার মতো কোনো যুক্তিসংগত কারণ নেই।’