মামলা প্রত্যাহারের আবেদন রেখে ঢাকা ছাড়ল লিমন
প্রধানমন্ত্রীর কাছে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের আবেদন রেখে ঢাকা ছাড়ল র্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেন।দীর্ঘ সাত মাস ১৮ দিন চিকিৎসার পর গতকাল বুধবার বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়ায় নিজ বাড়ির উদ্দেশে ঢাকা ছেড়েছে লিমন। সদরঘাটে লঞ্চে ওঠার আগে লিমন প্রথম আলোকে বলে, ‘পা তো আর ফিরে পাব না। এখন আমার একটাই চাওয়া, আমার বিরুদ্ধে র্যাবের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক। এ জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি। আমি আশা করি তিনি তা করবেন।’লিমনের শঙ্কা, গ্রামের কাদামাটিতে কৃত্রিম পা নিয়ে ঠিকভাবে হাঁটতে পারবে কি না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত ‘সোর্সরা’ আবার উৎপাত করে কি না। এখন তার একটাই ইচ্ছা, আবার লেখাপড়া শুরু করা। লিমনকে আইনি সহায়তা দিচ্ছে বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। লিমনকে বাড়ি পৌঁছে দিতে তার সঙ্গে আসকের দুজন প্রতিনিধিও ঝালকাঠি যাচ্ছেন। আসক জানিয়েছে, ঝালকাঠি পৌঁছে তারা প্রথমে স্থানীয় পুলিশ প্রশাসনকে লিমনের গ্রামে ফেরার বিষয়টি অবহিত করবে। একই সঙ্গে তার নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশকে অনুরোধ করা হবে।গুলিবিদ্ধ হওয়ার পর গত সাত মাসে এর আগে একবার ঝালকাঠি গিয়েছিল লিমন। সেটা জেলা সদরে আদালতে হাজিরা দিতে গিয়েছিল। আর এবার ফিরে যাচ্ছে নিজের গ্রামে, মায়ের কোলে।লিমন বলছিল, ‘প্রতিদিন খবরের কাগজে দেখি, অনেকের লাশ পাওয়া যাচ্ছে, অনেকে গুম হয়ে যাচ্ছে। লাশও পাওয়া যাচ্ছে না। সেখানে আমি অনেক ভাগ্যবান। আমি তো মাত্র একটি পা হারিয়েছি। মা-বাবাকে তো দেখতে পাচ্ছি।’লিমন নিয়ে যা হলো: চলতি বছর লিমনের এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষার অল্প কয়েক দিন আগে গত ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে র্যাবের গুলিতে আহত হয়। তখন র্যাব বাদী হয়ে লিমনের বিরুদ্ধে দুটি মামলা করে। লিমনের অভিযোগ, বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে গেলে র্যাবের সদস্যরা তাকে ধরে পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। পঙ্গু হাসপাতালের চিকিৎসকেরা লিমনের জীবন বাঁচাতে তার বাঁ পা উরুর নিচ থেকে কেটে ফেলেন। এরপর প্রথম আলোতে ‘চরম নিষ্ঠুরতা’ শিরোনামে গত ৬ এপ্রিল এসংক্রান্ত খবর ছাপা হয়। এরপর অন্যান্য সংবাদ মাধ্যমেও লিমনের ওপর নিষ্ঠুরতার খবর প্রকাশিত হয়। লিমনের এ ঘটনা মানবিকবোধসম্পন্ন সব মানুষকে ব্যাপকভাবে নাড়া দেয়। মানুষের আর্থিক সহায়তায় চলে তার চিকিৎসা। একই সময় লিমনকে সন্ত্রাসী প্রমাণের জন্য চলে নানা তৎপরতা। র্যাব সংবাদ সম্মেলন করে লিমন ও তার মা-বাবা, এমনকি তার কলেজপড়ুয়া বোনকেও সন্ত্রাসী আখ্যা দিয়ে বক্তব্য দেয়। এরপর সরকারের একাধিক মন্ত্রী ও উপদেষ্টা একই রকম বক্তব্য দেন। এরই মধ্যে লিমনের বিরুদ্ধে র্যাবের দায়ের করা অস্ত্র মামলায় পুলিশ রাতারাতি অভিযোগপত্র দেয়। অপরদিকে গুলিবর্ষণকারী র্যাব সদস্যদের বিরুদ্ধে লিমনের মা হেনোয়ারা বেগমের করা মামলা প্রথমে রাজাপুর থানার পুলিশ নেয়নি। পরে অনেক টালবাহানার পর আদালতের নির্দেশে পুলিশ মামলা নেয়।