মামলা প্রত্যাহারের দাবি সাতক্ষীরার চিংড়িচাষিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৩৩ জন চিংড়িঘের মালিক ও চাষির বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) করা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানিয়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা চিংড়ি চাষি সমিতি। গতকাল সোমবার সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন শ্যামনগর চিংড়ি চাষি সমিতির সভাপতি এস এম আফজালুল হক। উপস্থিত ছিলেন শ্যামনগরের কৈখালি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও চিংড়িচাষি রমজান আলী, রমজাননগর ইউপি চেয়ারম্যান আকবর আলী, চিংড়িচাষি মুজিবর রহমান, মোবারক আলী, শেখ আবদুর সবুর, আফজালুর রহমান, শেখ মিজানুর রহমান প্রমুখ। সংবাদ সম্মেলনে বলা হয়, তাঁরা ৩৫-৪০ বছর ধরে শ্যামনগরে চিংড়ি চাষ করছেন। উপকূলীয় বেড়িবাঁধ কেটে চিংড়িঘেরে লবণপানি তোলার অভিযোগ তুলে ১৬ ও ১৭ জুলাই শ্যামনগর পাউবোর উপসহকারী প্রকৌশলী কৃষ্ণেন্দু বিকাশ সরকার শ্যামনগর থানায় দুটি মামলা করেন। ওই দুটি মামলায় ৩০৫ জন চিংড়িচাষিকে আসামি করা হয়েছে। ১৬ জুলাই একই উপজেলার উপসহকারী প্রকৌশলী মো. খলিলুর রহমানের করা অপর এক মামলায় আসামি করা হয়েছে ২৮ জন চিংড়িচাষিকে।সংবাদ সম্মেলনে চিংড়িচাষিরা বলেন, হয়রানিমূলক মামলা হওয়ায় তাঁরা গ্রেপ্তার আতঙ্কে আছেন। অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান। নয়তো আত্মাহুতি দেওয়া ছাড়া তাঁদের উপায় থাকবে না।এ ব্যাপারে মামলার বাদী পাউবো কর্মকর্তা কৃষ্ণেন্দু বিকাশ ও খলিলুর রহমান বলেন, ২০০৯ সালে আইলার আঘাতে বেড়িবাঁধ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ও বিধ্বস্ত হয়। পরে সরকারের উদ্যোগে বেড়িবাঁধ পুনর্নির্মাণকাজ সম্পূর্ণ করে বাঁধ না কাটা, পাইপ ও বাক্সকল অপসারণ করতে চিংড়িচাষিদের নোটিশ দিয়ে দেওয়া হয়। কিন্তু মামলার আসামিরা নোটিশ পাওয়ার পরও বিভিন্ন স্থানের বাঁধ কেটে পাইপ কল, বাক্সকল ও ওভার পাইপ বসিয়ে পোল্ডারের ভেতরে নদীর লবণপানি উত্তোলন অব্যাহত রাখেন। এ কারণে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।