নারায়ণগঞ্জের রূপগঞ্জে নজরুল ইসলাম বাবু হত্যা মামলার বাদী নিহতের বাবা জালাল উদ্দিনকে অপহরণের পর কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় শাহরিয়ার পান্না ওরফে ভিপি সোহেলের বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলা প্রত্যাহারের দাবিতে তাঁর ক্যাডার বাহিনী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
গতকাল বুধবার দুপুরে উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন করে তারা। মানববন্ধনে হত্যা মামলার আসামিদের দেখা গেলেও পুলিশ তাঁদের গ্রেপ্তার করেনি বলে অভিযোগ করেছে নিহত জালাল উদ্দিনের পরিবার।
কর্মসূচি চলাকালে ভিপি সোহেলের অনুগত মুড়াপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. বাদলের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাতুল আহম্মেদ খোকন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সজীব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোখলেছুর রহমান জনি, তারাব পৌর যুবলীগের নেতা মো. বকুল, মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ ফরিদ ভূঁইয়া মাসুম প্রমুখ।
কর্মসূচিতে রূপগঞ্জের মাছিমপুর এলাকা থেকে জালাল উদ্দিনকে অপহরণের পর হত্যার ঘটনাটি পুনরায় তদন্তের আহ্বান জানিয়ে ভিপি সোহেলের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। পরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লোকমান হোসেনের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।
নিহত জালাল উদ্দিনের চাচাতো ভাই তোফায়েল আহম্মেদ বলেন, মঙ্গলবার রাতে ভিপি সোহেল ও তাঁর ক্যাডার বাহিনী অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় আসে। বুধবারের মানববন্ধনের জন্য তারা বিভিন্ন এলাকা থেকে লোক আনার জন্য টাকা বিতরণ করে। তবে তাদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে এলাকার কেউ ছিল না।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, ভিপি সোহেল পলাতক রয়েছেন। বর্তমানে মামলাটি ডিবি পুলিশ তদন্ত করছে।
রূপগঞ্জ উপজেলার মাছিমপুর এলাকায় ভিপি সোহেল ও তাঁর লোকজন দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা, ফেনসিডিল, হেরোইন ও অস্ত্র ব্যবসা করে আসছেন। ২০১১ সালের ৫ নভেম্বর জালাল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম বাবু প্রতিবাদ করলে তাঁকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে ভিপি সোহেলের লোকজন। ওই ঘটনায় জালাল উদ্দিন বাদী হয়ে ভিপি সোহেল ও তাঁর লোকজনকে আসামি করে মামলা করেন। ১৫ মে আসামিরা জামিনে ছাড়া পেয়ে জালাল উদ্দিনকে বাড়ি থেকে অস্ত্রের মুখে অপহরণের পর কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ভিপি সোহেলসহ ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় ভিপি সোহেলের সহযোগী ইকবালকে গ্রেপ্তার করলে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।