মামলা প্রত্যাহারের দাবিতে কুতুবদিয়ায় ব্যবসায়ীদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মিথ্যা’ মামলা প্রত্যাহার ও ‘ভূমিদস্যুদের’ শাস্তির দাবিতে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ধুরুং বাজারের ব্যবসায়ীরা গতকাল বুধবার ধর্মঘট কর্মসূচি পালন করেছেন। বাজারের দোকানপাট বন্ধ রেখে সকাল ছয়টা থেকে তাঁরা ধর্মঘট শুরু করেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে বিকেল তিনটার দিকে তা প্রত্যাহার করা হয়।ব্যবসায়ীদের অভিযোগ, সিরাজুল মোস্তফা নামের এক ‘ভূমিদস্যুর’ নেতৃত্বে একদল দুর্বৃত্ত ১৫ জুন বাজারের তরকারি মহলে জায়গা বেদখল করে দোকানঘর নির্মাণের চেষ্টা করে। স্থানীয় ব্যবসায়ী ও বাজার পরিচালনা কমিটির সভাপতির বাধার মুখে তাদের এ চেষ্টা ব্যর্থ হয়। এর জের ধরে ধুরুং বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দিন আল আযাদ, বাজারের বণিক সমিতির সভাপতি মনজুর আলমসহ নয়জনকে আসামি করে ১৮ জুন কুতুবদিয়া থানায় মামলা করেন সিরাজুল।অভিযোগ অস্বীকার করে সিরাজুল বলেন, তিনি ভূমিদস্যু নন, তরকারি মহলে তাঁর তিন শতক জায়গা আছে। সেখানে ঘর তুলতে গেলে তাঁকে বাধা দেওয়া হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম মাহিউদ্দিন কবির প্রথম আলোকে বলেন, ধর্মঘটের খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ী প্রতিনিধি ও স্থানীয় চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে তাঁদের দাবি পূরণের আশ্বাস দেন তিনি।