মামলা প্রত্যাহারের দাবিতে গাজীপুরে মানববন্ধন, মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে রাস্তার জমি নিয়ে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে এক ‘ষড়যন্ত্রমূলক মামলা’ প্রত্যাহারের দাবিতে গতকাল সোমবার মানববন্ধন ও মিছিল করেছেন এলাকাবাসী। সদর উপজেলার বারবৈকা এলাকার লোকজন সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই মানববন্ধন করেন। তাঁরা ব্যানার ও ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন। এ সময় বক্তব্য দেন আবদুল মান্নান পালোয়ান, আবুল বাশার, মিনা আক্তার, সালাউদ্দিন মণ্ডল প্রমুখ। বক্তারা বলেন, বারবৈকা এলাকার একটি রাস্তার জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে স্থানীয় হাজী মোশারফ হোসেনসহ আটজনের বিরুদ্ধে একই এলাকার মোতালেব হোসেন জয়দেবপুর থানায় চাঁদাবাজির মিথ্যা মামলা করেন। মামলায় বিরোধের ওই ঘটনার সময় দেখানো হয়েছে ২ জানুয়ারি। অথচ হাজী মোশারফ হোসেন ৯ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মামলায় এলাকার হাবিবুর রহমান ও তাঁর চার ছেলে এবং ফিরোজ মিয়া ও তাঁর এক ছেলেকেও অন্যায়ভাবে আসামি করা হয়েছে।