মামলা প্রত্যাহারের দাবিতে চা-শ্রমিকদের সমাবেশ
মৌলভীবাজারের রাজনগর চা-বাগানে শ্রমিকদের ওপর থেকে মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ হয়েছে।
গতকাল সোমবার বিকেলে মন্দিরের সামনে রাজনগর চা-বাগানের পুরোহিতকে নাজেহাল এবং শ্রমিক নির্যাতনের অভিযোগ তুলে ও তার প্রতিবাদে সাধারণ শ্রমিকেরা এ সমাবেশের আয়োজন করেন।
রাজনগর চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি আদি নারায়ণ নাইডুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুদ্দোজা ভেলাই, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছকির খান, টেংরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু খান, লংলা ভ্যালির সভাপতি সইদুল মিয়া, রাজনগর উপজেলা চা-জনগোষ্ঠীর সাধারণ সম্পাদক মধুসূধন কর্মকার, লুহাইউনি চা-বাগানের সত্যনারায়ণ নাইডু, লংলা চা-বাগানের লছমি নাইডু, মাধবপুর চা-বাগানের গোপাল নুনিয়া, সাকেরা চা-বাগানের বাবুলাল গৌড়, মাথিউড়া চা-বাগানের সুপ্রিম গৌড় প্রমুখ।
সমাবেশে লংলা, মনু, ধলাই ও জুড়ী ভ্যালির প্রায় ৩০টি চা-বাগানের পঞ্চায়েত এবং চা-বাগান থেকে নির্বাচিত ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান ও সাবেক সদস্যরা অংশ নেন। সমাবেশে শ্রমিকেরা রাজনগর চা-বাগানের ব্যবস্থাপকের অপসারণ, ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্নিয়োগ ও শ্রমিকদের ওপর হামলার মামলা বন্ধের দাবি করেছেন।
রাজনগর চা-বাগানের শ্রমিক, ব্যবস্থাপক ও পুলিশ জানায়, গত মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজনগর চা-বাগানের দুজন টিলাবাবুর (বাগানের কর্মকর্তা) বাসায় মাদকদ্রব্য তল্লাশি করে। তাঁদের একজনের বাসা হচ্ছে লংলা ভ্যালির পুরোহিত কপিল দেও উপাধ্যায়ের। পুরোহিতের বাসায় তল্লাশিতে শ্রমিকেরা চা-বাগানের ব্যবস্থাপক ও পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। চা-শ্রমিকেরা পুলিশের ওপর হামলা ও বাগান ব্যবস্থাপকের বাংলোতে ভাঙচুর করেন। ঘটনার পর থেকে বাগানের ব্যবস্থাপক বাগানের বাইরে অবস্থান করছেন। এ ঘটনায় গত শনিবার রাজনগর থানায় ৬০০ চা-শ্রমিককে আসামি করে একটি মামলা হয়েছে। রাজনগর চা-বাগানের বাসিন্দা, টেংরা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য বিপ্লব মাদ্রাজি পাঁসি গতকাল প্রথম আলোকে বলেন, ‘টিলাবাবুর একজন হচ্ছেন ব্রাহ্মণ ও পুরোহিত। তাঁর বাসায় তল্লাশি করায় শ্রমিকেরা খেপেছেন। ঘটনার পর চা-শ্রমিকদের রেশন দেওয়া হয়েছে। তলবি (মজুরি) দেওয়া হয়নি।’
রাজনগর থানার ওসি মো. কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তল্লাশির কারণে বাগানের ম্যানেজারের ওপর শ্রমিকেরা খেপে পুলিশের ওপর হামলা ও বাংলো ভাঙচুর করেছেন।’