মামলা প্রত্যাহারের দাবিতে চিংড়ি চাষিদের মানববন্ধন
চিংড়িচাষি ও চিংড়িঘের-মালিকদের বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দায়ের করা মামলা প্রত্যাহার এবং চিংড়ি চাষের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধের দাবিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মানববন্ধন করা হয়েছে। গত বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কয়েক হাজার চিংড়িচাষি, ঘেরমালিকসহ শ্রমিকেরা উপজেলা সদরের মুক্তিযোদ্ধা সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন। পরে তাঁরা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার মাধ্যমে সাতক্ষীরার জেলা প্রশাসকের কাছে সঞ্চারকলিপি দেন। গতকাল সকাল থেকেই উপজেলার চিংড়িচাষি, ঘেরমালিক ও শ্রমিকেরা উপজেলা পরিষদ চত্বরে জড়ো হতে থাকেন। বেলা ১১টার দিকে তাঁরা মানববন্ধন শুরু করেন। তাঁরা তাঁদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সাবেক সাংসদ এ কে ফজলুল হক, উপজেলা চিংড়ি চাষি সমিতির সভাপতি এস এম আফজালুল হক, সম্পাদক সোলায়মান কবীর, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন, রমজাননগর ইউপির চেয়ারম্যান আকবর আলী, গাবুরা ইউপির চেয়ারম্যান মাসুদুল আলম, শেখ আফজালুর রহমান প্রমুখ।