মামলা প্রত্যাহারের দাবিতে চিকিৎসকদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সন্তান প্রসব ও নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসা কর্মকর্তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল সোমবার চিকিৎসকেরা কর্মবিরতি পালন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) বগুড়া জেলা শাখার উদ্যোগে গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার সব সরকারি-বেসরকারি হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে একযোগে ওই কর্মসূচি পালন করা হয়।
এদিকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের টানানো একটি ব্যানার গতকাল বিকেল চারটার দিকে স্থানীয় লোকজন পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, ‘কী কারণে ব্যানারটি পোড়ানো হয়েছে তা জানি না।’
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
গতকাল দুপুর ১২টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ চত্বরে চিকিৎসকদের প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বিএমএর জেলা সহসভাপতি জাহাঙ্গীর আলম। এতে বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও মেডিকেল কলেজের উপাধ্যক্ষ রেজাউল আলম, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান আশরাফ, প্রচার সম্পাদক অসীম কুমার সাহা প্রমুখ।
রেজাউল আলম বলেন, আগামী বুধবার পর্যন্ত তাঁরা কর্মবিরতি পালন করবেন। এরপরও মামলা প্রত্যাহার না হলে ওই দিন কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ নভেম্বর রাতে প্রসববেদনা উঠলে শেরপুর উপজেলার গাড়িদহ গ্রামের ইলিয়াছ হোসেনের স্ত্রী মাজেদা বিবিকে (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কিন্তু হাসপাতালের জরুরি বিভাগের মহিলা ওয়ার্ডের নার্স সুষমা রানী তাঁকে পাশের ক্লিনিকে ভর্তি করতে বলেন। একপর্যায়ে রাত একটার দিকে সুষমা রানী মহিলা ওয়ার্ডের প্রসবকক্ষ থেকে তাঁকে বের করে দেন। বের হওয়ার সময় জরুরি বিভাগের সামনে খোলা আকাশের নিচেই কন্যাসন্তান প্রসব করেন তিনি। এরপরও দায়িত্বরত চিকিৎসক ও নার্সের অবহেলায় শিশুটি মারা যায়। এ নিয়ে গত ১ ডিসেম্বর প্রথম আলোয় ‘প্রসবকক্ষে জায়গা হলো না অন্তঃসত্ত্বার!’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।
থানা-পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, ওই ঘটনায় ইলিয়াছ হোসেন থানায় মামলা করেন।
মামলাটির তদন্ত কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শামসুজ্জোহা বলেন, আসামি সুষমা রানী পলাতক রয়েছেন।