মামলা প্রত্যাহারের দাবিতে ডাইনেস্টির শ্রমিকদের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মামলা প্রত্যাহার করে দাবিদাওয়া মেনে কারখানা খুলে দেওয়ার দাবি জানিয়েছেন ঢাকার আশুলিয়ার আউকপাড়ার ডাইনেস্টি গ্রুপের শ্রমিকেরা। এ দাবিতে কারখানার কয়েক শ শ্রমিক গতকাল শুক্রবার বিকেলে সাভারে ধসে পড়া রানা প্লাজার সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। শ্রমিকেরা রানা প্লাজায় থাকা পোশাক কারখানার সব শ্রমিককে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান।
গত মঙ্গলবার ডাইনেস্টি গ্রুপের ডাইনেস্টি সোয়েটার, ডাইনেস্টি ফ্যাশনস ও মিলেনিয়াম সোয়েটার কারখানা বন্ধ করে দেয় মালিকপক্ষ। এরপর শ্রমিকেরা রাস্তা অবরোধ করে পুলিশের ওপর চড়াও হয়। ওই ঘটনায় শ্রমিকদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করা হয়। এর পর থেকে শ্রমিকেরা মামলা প্রত্যাহারসহ তাঁদের দাবিদাওয়া মেনে নিয়ে কারখানা খোলার দাবি জানাচ্ছেন।