মামলা প্রত্যাহারের দাবিতে দুই শিক্ষার্থীর অনশন

উপাচার্যের বাসভবন ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন দুই শিক্ষার্থী। আজ শনিবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে জাহিদুল ইসলাম ও পূজা বিশ্বাস এ অনশন শুরু করেন।
জাহিদুল ইংরেজি বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী আর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থী পূজা। তাঁদের ভাষ্য, উপাচার্য মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত তাঁরা অনশন চালিয়ে যাবেন।
প্রক্টর তপন কুমার সাহা বলেন, উপাচার্য ইতিমধ্যেই এ বিষয়টি জেনেছেন।
গত ২৬ মে ভোরে ক্যাম্পাসসংলগ্ন সিঅ্যান্ডবি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নাজুমল হাসান ও মেহেদি হাসান নামে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হন। ওই দুই শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ, ঘাতক চালকের শাস্তি এবং নিরাপদ সড়কের দাবিতে পরদিন ২৭ মে বেলা পৌনে ১১টা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বিকেলে পুলিশ শিক্ষার্থীদের ওপর রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন ভাঙচুর করেন। এ ঘটনায় ওই দিন রাতেই ৩১ জনসহ অজ্ঞাতনামা ৪০-৫০ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করে প্রশাসন। তখন থেকেই শিক্ষকদের একটি অংশ এবং শিক্ষার্থীরা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন।