মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবন্ধীদের মানববন্ধন
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে স্থানীয় প্রতিবন্ধীরা গতকাল শনিবার মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে। পটুয়াখালী বধির সংঘের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। পরে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাক ও শ্রবণপ্রতিবন্ধী মো. খবির উদ্দিনের পক্ষে তাঁর রাশিদা বেগম অভিযোগ করেন, খবির ২০০৯ সালের ২২ এপ্রিল পটুয়াখালী শহরের সদর রোড এলাকায় দুই দাগে মোট দশমিক ০১৮৭৫ একর জমি ঘরসহ কিনেন। এখন ওই সম্পত্তি থেকে খবির ও তাঁর মাকে বঞ্চিত করার ষড়যন্ত্র করছেন তাঁর বাবা ও সৎভাইয়েরা। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, খবির ওই সম্পত্তির ঘরে পটুয়াখালী বধির সংঘের কার্যালয় শুরু করতে চাইলে তাঁর সৎভাইয়েরা বাধা দেন এবং প্রতিবন্ধীদের ওপর হামলা চালান। এ ঘটনার প্রতিবাদ করলে সৎভাইয়েরা গত ৬ মে খবিরসহ আট প্রতিবন্ধীর বিরুদ্ধে সদর থানায় লুটের অভিযোগে মামলা করেন। তাঁরা এ মামলাকে মিথ্যা দাবি করে ওই মামলা প্রত্যাহারের দাবি জানান।