মামলা প্রত্যাহারের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের
উপাচার্যের বাসভবনে ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের করা মামলা প্রত্যাহারসহ চার দফা দাবিতে ৩১ জুলাই থেকে প্রশাসনিক ভবন লাগাতার অবরোধের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ‘প্রতিবাদের নাম জাহাঙ্গীরনগর’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিভিন্ন বামপন্থী ছাত্রসংগঠনের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম বলেন, ‘মামলা প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা আমরণ অনশনে বসলে ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক আমির হোসেন সংকটের সম্মানজনক সমাধানের আশ্বাস দিয়ে অনশন ভাঙান। সমাধানের জন্য শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সাত দিন সময় পেরিয়ে গেলেও তেমন কোনো অগ্রগতি হয়নি। তাই ৩১ জুলাই থেকে অবরোধ কর্মসূচি শুরু করতে বাধ্য হচ্ছি।’
শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো তদন্ত কমিটি পুনর্গঠন, শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার বিচার ও নিরাপদ সড়ক নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাসুক হেলাল, সদস্য মোহাম্মদ দিদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্ক্সবাদী) বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাহাথির মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।