মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
লালমনিরহাট-২ আসনের সাবেক সাংসদ মজিবর রহমানসহ আটজনের বিরুদ্ধে আদালতে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার আদিতমারী জিএস মডেল স্কুল ও কলেজ এবং আদিতমারী কান্তেশ্বর বর্মণ মাধ্যমিক বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ এই কর্মসূচির আয়োজন করে।
গতকাল সকালে লালমনিরহাট-পাটগ্রাম-বুড়িমারী মহাসড়কে ওই কর্মসূচি পালন করা হয়। এতে শিক্ষাপ্রতিষ্ঠান দুটির শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। শেষে একই দাবিতে লালমনিরহাট জেলা প্রশাসক ও আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে উভয় শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে দুটি স্মারকলিপি দেওয়া হয়। সাবেক সাংসদ ও জাপা প্রেসিডিয়াম সদস্য মজিবর রহমান শিক্ষাপ্রতিষ্ঠান দুটির পরিচালনা পর্ষদের সভাপতি।
আদিতমারী জিএস মডেল স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মোস্তাফিজুর রহমান গত ২৯ এপ্রিল লালমনিরহাট জেলা স্পেশাল জজ আদালতে কলেজের প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এনে মামলা করেন। মজিবর রহমান এবং প্রধান শিক্ষক শওকত আরা সিদ্দিকাসহ আট জনের বিরুদ্ধে ওই মামলা করেন তিনি।
শওকত আরা সিদ্দিকা বলেন, আদিতমারী জিএস মডেল স্কুল ও কলেজে বাদীর আপন ছোট ভাই মশিউর রহমান প্রভাষক পদে আবেদন করলে তা বিধিসম্মত না হওয়ায় কর্তৃপক্ষ আবেদনটি বাতিল করে। এ কারণে তিনি সভাপতিসহ অন্যদের বিরুদ্ধে মামলা করেছেন।