মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারের রাজনগর চা-বাগানের ব্যবস্থাপককে অপসারণ ও শ্রমিকনেতাদের ওপর থেকে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকেরা। গতকাল রোববার সকাল সাড়ে নয়টায় সাধারণ চা-শ্রমিকের ব্যানারে রাজনগর চা-বাগান কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজনগর চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মন্টু ননিয়া। বক্তব্য দেন চা-বাগানের পুরোহিত কপিল উপাধ্যায়, চা-শ্রমিকনেতা বাবুল পাঁশি, ইউপি সদস্য বিপ্লব মাদ্রাজি পাঁশি, ছাত্রনেতা সঞ্জীব যাদব প্রমুখ। মন্টু ননিয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা মানববন্ধন করে শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং নির্যাতনের প্রতিবাদ করেছি। শ্রমিকদের দাবি ম্যানেজার যেন বাগানে না ঢোকেন।’ এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও বাগানের ব্যবস্থাপক মো. আমিনুল ইসলামের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।