মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও ইংরেজি দৈনিক ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল বৃহস্পতিবার রাজশাহী ও পটুয়াখালীতে পৃথক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অনলাইন মিডিয়া ফোরামের পাশাপাশি সংহতি প্রকাশ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় বক্তারা দায়েরকৃত মামলাকে ‘হয়রানিমূলক’ উল্লেখ করে তা দ্রুত প্রত্যাহারের দাবি জানান। এ ছাড়া সংসদে ইকবাল সোবহানের বিরুদ্ধে ‘অপপ্রচারমূলক বক্তব্য’ এক্সপাঞ্জ করার জন্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সারওয়ার, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) জেলা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার ইকবাল প্রমুখ।