মামলা প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মৌন মিছিল
উপাচার্যের বাসভবন ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের দায়ের করা মামলা প্রত্যাহারসহ তিন দফা দাবিতে মৌন মিছিল করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের ব্যানারে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়। মুখে কালো কাপড় বেঁধে এতে দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
সমাবেশে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস বলেন, ‘প্রশাসন একবার বলছে মামলার বাদী রেজিস্ট্রার, আরেকবার বলছে পুলিশ। মামলা প্রত্যাহারে কোনো অজুহাত শুনতে চাই না। মামলা এই মুহূর্তে প্রত্যাহার করা সম্ভব।’
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সরকার রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি তৌহিদ হাসান। তাঁরা সমাবেশে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার বিচার ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানান। এ সময় বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, দর্শন বিভাগের অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁইয়া, নৃবিজ্ঞান বিভাগেরসভাপতি অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, অধ্যাপক কামরুল আহসানসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
গত ২৬ মে ভোরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস-সংলগ্ন সিঅ্যান্ডবি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনায় নাজমুল হাসান ও মেহেদি হাসান নামের দুই শিক্ষার্থী নিহত হন। ওই দুই শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, চালকের শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে পরদিন ২৭ মে বেলা পৌনে ১১টা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বিকেলে পুলিশ শিক্ষার্থীদের ওপর রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন ভাঙচুর করেন। এ ঘটনায় ওই দিন রাতেই ৩১ জনসহ অজ্ঞাতনামা ৪০-৫০ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা হয়।