মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীনগরে মিছিল-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের পরিকল্পনার বিরুদ্ধে সহিংস বিক্ষোভের ঘটনায় করা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুক্তির দাবিতে মিছিল-সমাবেশ হয়েছে। আড়িয়ল বিল রক্ষা কমিটির উদ্যোগে গতকাল শুক্রবার শ্রীনগর উপজেলার মদনখালী মুন ক্লাবের মাঠে সমাবেশ হয়।সমাবেশে মুন্সিনগর, মরিচপট্টি, কামারখোলা, কালাইমারা ও বাড়ৈখালী গ্রামের শত শত নারী-পুরুষ যোগ দেন। বক্তারা বিল রক্ষা কমিটির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুক্তি ও পুলিশের হয়রানি বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।বিল রক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন বলেন, সরকার আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা থেকে সরে গেলেও পুলিশের হয়রানি বন্ধ হয়নি। মামলা প্রত্যাহারের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে তিনি বলেন, তা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. সালাউদ্দিন মাঝির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সেলিম মাস্টার, মো. নান্নু মিয়া, আতিয়ার রহমান, মো. ফারুক, সাইদুর রহমান, খালেক মেম্বার প্রমুখ।সমাবেশ শেষে মুন ক্লাব মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চুড়াইন বাজার হয়ে মুন্সিনগর স্কুল মাঠে গিয়ে শেষ হয়। এ সময় মুসলেমহাটি থেকে একটি মিছিল চুড়াইন বাজারে গিয়ে এই মিছিলের সঙ্গে যোগ দেয়। শ্রীনগরে সহিংসতার ঘটনায় পুলিশের খোয়া যাওয়া গ্যাসগানটি (কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপকারী) গতকাল শেখরনগর থেকে উদ্ধার করেছে শ্রীনগর থানার পুলিশ। এ নিয়ে খোয়া যাওয়া অস্ত্রের মধ্যে দুটি শটগান ও একটি গ্যাসগান উদ্ধার করা হলো।এদিকে সহিংসতার ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গত ১ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জের বিচারিক হাকিমের আদালতে করা মামলাটি এজাহারভুক্ত করার জন্য গত ২ ফেব্রুয়ারি শ্রীনগর থানায় পাঠানো হয়। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, একই ঘটনায় একাধিক মামলা নেওয়ার বিধান নেই। তাই অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গণ্য করা হয়েছে।