মামলা প্রত্যাহারের দাবিতে ১০ গ্রামের মানুষ এককাট্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পঞ্চমীঘাট এলাকায় মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন l
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পঞ্চমীঘাট এলাকায় মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন l

একটি মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পঞ্চমীঘাট বাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার ১০ গ্রামের নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। তাঁরা ‘হয়রানিমূলক মিথ্যা’ মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচিতে সাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রশিদ মোল্লা, সাদিপুর ইউপি সদস্য আবদুল খালেক মিয়া, আল আমিন মিয়া, আশ্রাফ আলী, সাবেক ইউপি সদস্য মোতালিব মিয়া, আওয়ামী লীগের কর্মী ইদ্রিস আলী, আলেকচান, সাদিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন মাসুম, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক কাজী মাসুদও অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমী ঘাট এলাকার গাজি নুরুদ্দিনের ছেলে সোহেল মিয়া একই এলাকার পঞ্চমীঘাট বাজারের ব্যবসায়ী ইয়াকুব আলী ভূঁইয়ার মালিকানাধীন দোকানঘর চুক্তি মোতাবেক ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিলেন। সম্প্রতি ওই চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও দোকান ছেড়ে না দিয়ে জোর করে ব্যবসা করে আসছিলেন সোহেল মিয়া। এতে দেড় বছরের ভাড়া বকেয়া পড়ে। দোকান মালিক ইয়াকুব আলী ওই ভাড়া চাইতে গেলে ভাড়াটে সোহেল মিয়া গত ২৭ ফেব্রুয়ারি ইয়াকুব আলীসহ ৫ জনকে আসামি করে একটি চুরির মামলা করেন।

এ বিষয়ে মানববন্ধনে অংশ নেওয়া সাদিপুর ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ মোল্লা প্রথম আলোকে বলেন, এলাকার কতিপয় নিরীহ ব্যবসায়ীর বিরুদ্ধে চুরির মামলা করেছেন সোহেল মিয়া। তিনি দ্রুত এই মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

যোগাযোগ করলে এ বিষয়ে মামলার বাদী সোহেল মিয়া বলেন, ‘আমাদের মধ্যে সামান্য ভুল-বোঝাবুঝি হয়েছে। বিষয়টি এলাকায় বসে মীমাংসা করা হবে।’

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়েদুল হক জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিরপরাধ কারও নাম এজাহারে উল্লেখ থাকলে তদন্ত করে অভিযোগপত্র থেকে তাঁকে বাদ দেওয়া হবে।