গোলাম সরোয়ার টিপুর কণ্ঠে বিস্ময়, ‘মাঠ যেখানে সর্বসাধারণের জন্য উন্মুক্ত, সেখানে মাঠে অনধিকার প্রবেশের দায়ে মামলা চলে কীভাবে?’ পেছন থেকে দাঁড়িয়ে গেলেন ইমতিয়াজ সুলতান, ‘রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদের বিরুদ্ধে চাইলেই মামলা করা হয়ে গেল! কোন মানদণ্ডে মামলা নেওয়া হলো? প্রয়োজনে আমরা সবাই রাস্তায় নামব, তবু দাবি আদায় করে ছাড়ব।’ এই কথাকে তুমুল করতালিতে স্বাগত জানালেন যাঁরা, তাঁরা প্রায় সবাই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ, সাবেক তারকা।
ধানমন্ডি মাঠ রক্ষা আন্দোলনের মূল উদ্দেশ্য সফল হয়েছে, সর্বসাধারণের জন্য মাঠ খুলে দেওয়ার আদেশ দিয়েছে সিটি করপোরেশন। তবে মাঠে অনধিকার প্রবেশের দায়ে মামলা ঝুলে রয়েছে চারজনের ওপর। যাঁদের অন্যতম জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক ক্রীড়াবিদ ও সংগঠক কামরুন্নাহার ডানা, বিসিবির সাবেক পরিচালক ও ব্রাদার্স ইউনিয়নের সাবেক সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন। বাকি দুজন স্থপতি ইকবাল হাবিব ও স্থপতি সালমা শফিক।
মাঠ রক্ষা আন্দোলনের অংশ হিসেবে গত ১৮ এপ্রিল মাঠে প্রবেশ করার দায়ে এই চারজনের বিরুদ্ধে মামলা ঠুকে দেয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব কর্তৃপক্ষ। সেই মামলা বাতিল করার দাবিতে সাবেক জাতীয় ক্রীড়াবিদের ব্যানারে গতকাল শুক্রবার ধানমন্ডির একটি মিলনায়তনে একত্র হয়েছিলেন সাবেক ক্রীড়াবিদ, কোচ ও সংগঠকেরা।
কামরুন্নাহার ডানার নামে মামলা হলেও তাঁর দাবি, তিনি আন্দোলনে ছিলেনই না, ‘যদিও আন্দোলনে দাবিটা যৌক্তিকই ছিল, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আমি ছিলামই না। বিস্ময় ভরে দেখলাম আমাকে মামলায় আসামি করা হয়েছে। ৩৫ বছর ধরে দেশের ক্রীড়াঙ্গনে আছি, কত ত্যাগ স্বীকার করে দেশের জন্য কাজ করছি। এটাই কি প্রাপ্য ছিল!’
সাবেক খেলোয়াড় ও কোচ গোলাম সরোয়ার টিপুর প্রশ্নটি উঠে এল অনুষ্ঠানের সমন্বয়ক গাজী আশরাফ হোসেনের কণ্ঠেও, ‘মাঠ সর্বসাধারণের জন্য উন্মুক্ত মানে মাঠে প্রবেশ কোনো অন্যায় হতে পারে না। তাহলে এই মামলার ভিত্তি কী! সাবেক এই জাতীয় ক্রিকেট অধিনায়ক ও সাবেক বিসিবির পরিচালক আবার বাপা (বাংলাদেশ পরিবেশ আন্দোলন) মাঠ রক্ষা কমিটির আহবায়কও। জানালেন, মামলা বাতিল চেয়ে প্রশাসনের কাছে দরখাস্ত করা হবে। সাবেক তারকা ফুটবলার সৈয়দ রুম্মন ওয়ালি বিন সাব্বিরের আশা, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্রীড়াপ্রেমী মানুষ। আশা করি, উনি ব্যাপারটি গুরুত্ব দিয়ে দেখবেন।’
মামলা বাতিল চেয়ে আরও বক্তব্য দেন সাবেক জাতীয় ক্রিকেট অধিনায়ক শফিকুল হক হীরা, সাবেক ক্রিকেটার এস এম ফারুক, সাবেক ফুটবলার ও কোচ হাসানুজ্জান খান, সাবেক সাঁতারু লায়লা নূর ও সাবেক জুডোকা কামরুন্নাহার।
উপস্থিত ছিলেন অমলেশ সেন, মোহম্মদ মহসিন, শেখ মোহাম্মদ আসলাম, ইমতিয়াজ আহমেদ নকিব, জসিমউদ্দিন জোসি, জালাল আহমেদ চৌধুরী, তানজীব আহসান, আসাদুজ্জামান খান, আবদুল জলিল, নাসিমুল হাসান, রফিকুল ইসলাম কামালসহ বিভিন্ন খেলার আরও অনেক সাবেক তারকা ও কোচ।