নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় করা দুই মামলার একটি বাতিল চেয়ে র্যা বের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদের করা আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। আদালতে তারেক সাঈদের পক্ষে ছিলেন আইনজীবী গোলাম কিবরিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর।
এর আগে ৭ মার্চ হাইকোর্টের একটি বেঞ্চে এই আবেদনটি শুনানির জন্য উঠেছিল। তবে ওই বেঞ্চের একজন বিচারক শুনানিতে বিব্রত বোধ করায় আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। পরে বিচারপতি ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির জন্য আবেদনটি পাঠান প্রধান বিচারপতি। গত রোববার আবেদনটির ওপর শুনানি হয়।
আদেশের পর গোলাম কিবরিয়া সাংবাদিকদের বলেন, সাত খুনের ঘটনায় নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পালের করা মামলাটি বাতিল চাওয়া হয়েছিল। সাত খুনের ঘটনায় প্রথম মামলাটি করেন নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম। ওই মামলার ১২ দিন পর বিজয় কুমার মামলা করেন। একই ঘটনায় একই আসামিদের বিরুদ্ধে দুটি মামলা চলতে পারে না। তাই দ্বিতীয় মামলাটি বাতিল চাওয়া হয়। আদালত আবেদনটি খারিজ করে দিয়েছেন।