মামলা বাতিল প্রশ্নে রুলের শুনানি ১৩ মে পর্যন্ত মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা গ্যাটকো, নাইকো ও বড়পুকুরিয়া কয়লাখনিতে দুর্নীতির তিন মামলা বাতিল প্রশ্নে রুলের শুনানি ১৩ মে পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।
বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ তিনটি মামলায় রুলের শুনানি চলছে। গত ১৯ এপ্রিল এ শুনানি শুরু হয়। এর মধ্যে গ্যাটকো দুর্নীতি মামলায় গতকাল বৃহস্পতিবার প্রাথমিক শুনানি ও নথি উপস্থাপন শেষ করেন খালেদা জিয়ার আইনজীবী রাগীব রউফ চৌধুরী। তাঁকে সহায়তা করেন জাকির হোসেন ভূঁইয়া। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর খালেদা জিয়া, তাঁর ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোসহ ১৩ জনকে আসামি করে গ্যাটকো দুর্নীতি মামলা করে দুদক। পরের বছর ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। বিচারিক আদালতে মামলাটির কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে দুটি পৃথক আবেদন করলে মামলার কার্যক্রম স্থগিত করে রুল দেন আদালত। গতকাল ওই রুলের ওপর প্রাথমিক শুনানি শেষ হয়।
বড়পুকুরিয়া কয়লাখনিতে উৎপাদন, ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণের জন্য ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। শুনানির পর ২০০৮ সালের ১৬ অক্টোবর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল ও মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেন।
নাইকো দুর্নীতি মামলা করা হয় ২০০৭ সালের ৯ ডিসেম্বর। এ মামলায় ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।