মামলা বাতিলে তারেক সাঈদের আবেদন খারিজ
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় করা একটি মামলা বাতিল চেয়ে র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদের আবেদন সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।
তারেক সাঈদের পক্ষে আইনজীবী ছিলেন গোলাম কিবরিয়া। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।
আদালত আদেশে বলেন, আমরা রুল জারি করার বিষয়ে সন্তুষ্ট নই। এ জন্য আবেদনটি সরাসরি খারিজ করা হলো।
১৩ মার্চ এ আবেদনের বিষয়ে আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করেছিলেন হাইকোর্ট।
এর আগে ৭ মার্চ বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আবেদনটি শুনানির জন্য ওঠে। তবে আদালতের একজন বিচারক শুনানিতে বিব্রত বোধ করায় আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়। পরে প্রধান বিচারপতি আবেদনটি হাইকোর্টের এই বেঞ্চে শুনানির জন্য পাঠান।
তারেক সাঈদের আইনজীবী গোলাম কিবরিয়া সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় করা দুটি মামলার মধ্যে একটি বাতিল চেয়ে আবেদনটি করা হয়েছে। ওই মামলাটি করেছেন নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল। মামলা বাতিলের যুক্তি হিসেবে তিনি বলেন, সাত খুনের ঘটনায় প্রথম মামলাটি করেন নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম। ওই মামলা করার ১২ দিন পর বিজয় কুমারের মামলাটি করা হয়। দুটি মামলারই প্রাথমিক অভিযোগ থেকে শুরু করে আসামি, অভিযোগপত্র, ময়নাতদন্ত প্রতিবেদন, সাক্ষীদের জবানবন্দি-সবকিছু এক। একই ঘটনায় একই আসামিদের বিরুদ্ধে দুটি মামলা চলতে পারে না। তাই দ্বিতীয় মামলাটি বাতিল চাওয়া হয়েছে।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাঁদের লাশ পাওয়া যায়। এরপর নজরুল ও তাঁর চার সহযোগীকে হত্যার ঘটনায় একটি এবং চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিমকে হত্যার ঘটনায় আরেকটি মামলা হয়। গত ৮ এপ্রিল কাউন্সিলর নূর হোসেন, তারেক সাঈদসহ র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২৯ ফেব্রুয়ারি থেকে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে দুটি মামলারই সাক্ষ্য গ্রহণ শুরু হয়।