মামলা বাতিলে তারেক সাঈদের আবেদন খারিজ
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় করা একটি মামলার অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদের আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড থেকে কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। পরে শীতলক্ষ্যা নদীতে তাঁদের মরদেহ পাওয়া যায়। এরপর নজরুল ও তাঁর চার সহযোগীকে হত্যার ঘটনায় নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম একটি এবং চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিমকে হত্যার ঘটনায় চন্দনের জামাতা বিজয় কুমার পাল আরেকটি মামলা করেন।
গত ৮ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে অভিযোগ গঠনের মধ্য দিয়ে দুটি মামলারই বিচার শুরু হয়।
সেলিনা ইসলামের করা মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে তারেক সাঈদ হাইকোর্টে আবেদন করেছিলেন। ওই আবেদন আজ খারিজ হলো।
এর আগে বিজয় কুমার পালের করা মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন তারেক সাঈদ। ১৫ মার্চ হাইকোর্ট ওই আবেদন সরাসরি খারিজ করে দেন।