মামলা বাতিলে তারেক সাঈদের আবেদনের বিষয়ে আদেশ কাল

র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদের বিরুদ্ধে করা নারায়ণগঞ্জের সাত খুনের দুই মামলার একটি বাতিল চেয়ে করা আবেদনের বিষয়ে আদেশের জন্য আগামীকাল মঙ্গলবার দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল রোববার এ আবেদনের ওপর শুনানি শেষে এ তারিখ ধার্য করা হয়। তারেক সাঈদের পক্ষে ছিলেন আইনজীবী গোলাম কিবরিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর।
মনিরুজ্জামান কবীর পরে প্রথম আলোকে বলেন, শুনানি শেষে আদেশের জন্য আদালত মঙ্গলবার দিন ধার্য করেছেন।
এদিকে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন দুটি মামলাই বাতিল চেয়ে গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেছেন।
তারেক সাঈদের করা আবেদনটি ৭ মার্চ বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য ওঠে। তবে ওই বেঞ্চের একজন বিচারপতি শুনানিতে বিব্রত বোধ করায় আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। পরে প্রধান বিচারপতি আবেদনটি হাইকোর্টের আরেকটি বেঞ্চে শুনানির জন্য পাঠান।
তারেক সাঈদের আইনজীবী গোলাম কিবরিয়া সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় করা দুটি মামলার মধ্যে একটি বাতিল চেয়ে আবেদনটি করা হয়েছে। ওই মামলাটি করেছেন নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল। তিনি বলেন, সাত খুনের ঘটনায় প্রথম মামলাটি করেন নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম। ওই মামলা করার ১২ দিন পর বিজয় কুমার মামলা করেন। দুটি মামলারই প্রাথমিক অভিযোগ থেকে শুরু করে আসামি, অভিযোগপত্র, ময়নাতদন্ত প্রতিবেদন, সাক্ষীদের জবানবন্দি—সবকিছু এক। একই ঘটনায় একই আসামিদের বিরুদ্ধে দুটি মামলা চলতে পারে না। তাই দ্বিতীয় মামলাটি বাতিল চাওয়া হয়েছে।
নূর হোসেনের আবেদন: সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন তাঁর বিরুদ্ধে করা এই মামলা দুটি বাতিল চেয়ে গতকাল হাইকোর্টে আবেদন করেন। তাঁর আইনজীবী এফ আর এম লুৎফুর রহমান আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন দুটি জমা দেন।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। পরে শীতলক্ষ্যা নদীতে তাঁদের লাশ পাওয়া যায়। নজরুল ও তাঁর চার সঙ্গীকে হত্যার ঘটনায় একটি এবং চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিমকে হত্যার ঘটনায় আরেকটি মামলা হয়। গত বছরের ৮ এপ্রিল কাউন্সিলর নূর হোসেন, তারেক সাঈদসহ র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতে দুটি মামলারই সাক্ষ্যগ্রহণ শুরু হয়।