মুন্সিগঞ্জে কলেজছাত্রী আফরোজা আক্তার শান্তা হত্যা মামলার মূল আসামিদের গ্রেপ্তার না করে মামলাটি পুলিশ ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী শান্তার বাবা আসাদউল্লাহ মাদবর। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে৷
মামলার বিবরণ ও পারিবারিক সূত্রে জানা যায়, সরকারি হরগঙ্গা কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্রী শান্তার (২০) সঙ্গে শিক্ষানবিশ আইনজীবী নাজমুল হাসানের প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে সম্পর্ক ছিন্ন হয়ে গেলে পারিবারিকভাবে এক চিকিৎসকের সঙ্গে শান্তার বিয়ের অায়োজন করা হয়। ৭ জুন মুন্সিগঞ্জ শহরের খালইস্ট এলাকায় কোচিং সেন্টারে পড়তে গেলে তাঁকে অপহরণ করা হয়। ৯ জুন শান্তার লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের কাছে একটি অ্যাম্বুলেন্স থেকে উদ্ধার করে পুলিশ। এ সময় অ্যাম্বুলেন্স থেকে পুলিশ আলী আহমেদকে গ্রেপ্তার করে। পরদিন শান্তার বাবা আসাদউল্লাহ আইনজীবী নাজমুল হাসান, তাঁর বাবা আবদুস সাত্তার ও খালু আলী আহমেদকে আসামি করে থানায় মামলা করেন।
আসাদউল্লাহ মাদবর অভিযোগ করেন, মামলা দায়েরের দুই সপ্তাহ পরও পুলিশ প্রধান আসামি নাজমুল হাসানকে গ্রেপ্তার করতে পারেনি৷ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা ময়নাতদন্ত প্রতিবেদনে শান্তা আত্মহনন করেছেন বলে উল্লেখ করেছেন। তিনি এই ময়নাতদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে ফরেনসিক পরীক্ষার দাবি জানিয়েছেন।
পুলিশ জানায়, শান্তা হত্যা মামলার অন্যতম আসামি আলী আহমেদকে গ্রেপ্তারের পরদিন পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়৷ আদালত ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত তাঁর রিমান্ডের আবেদনের শুনানি স্থগিত করেন। গত বুধবার পুলিশ আদালতে ময়নাতদন্তের প্রতিবেদন জমা দেয়৷ পরদিন স্থগিত হওয়া রিমান্ডের শুনানি হয়। এ সময় ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যা আসায় আদালত রিমান্ডের আবেদন খারিজ করে দেন।
আসাদউল্লাহ মাদবর জানান, মেয়ে হত্যার ন্যায়বিচার পাওয়ার জন্য তিনি প্রয়োজনে উচ্চ আদালতে যাবেন।
মামলার তদন্ত কর্মকর্তা মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) ইয়ারদৌস হাসান জানান, ময়নাতদন্তে আত্মহত্যা এসেছে। তবে শান্তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়ে থাকতে পারে। এসব কিছু বিবেচনা করে তদন্ত করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতার কোনো কমতি নেই বলে তদন্তকারী কর্মকর্তা দাবি করেন।