মামলা-মোকদ্দমায় গেল চার বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ওয়াসার মোহরা পানি শোধনাগার প্রকল্পের কাজ পেতে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সুপ্রিম কোর্টে গিয়েছিল। গত বছরের ১৮ ফেব্রুয়ারি আদালত অবশ্য চট্টগ্রাম ওয়াসার পক্ষে রায় দিয়েছিলেন। কিন্তু ওই রায়ের মূল কপি এখনো পায়নি চট্টগ্রাম ওয়াসা। রায়ের কপির অভাবে প্রকল্পের কাজও শুরু করা যাচ্ছে না। এভাবে মামলা-মোকদ্দমায় চলে গেছে চারটি বছর।চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমরা আদালতের আদেশ পাওয়ার অপেক্ষায় আছি। আদেশের কপি পেলেই মোহরা প্রকল্পের কাজ শুরু করব।’ কর্মকর্তারা জানান, ২০০৩ সালে বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে মোহরা পানি শোধনাগার প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরুর সিদ্ধান্ত নেয়। তখন প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ১৯৭ কোটি টাকা। তবে সংশোধিত বাজেটে এ অর্থের পরিমাণ প্রায় দ্বিগুণে দাঁড়াতে পারে।চট্টগ্রাম ওয়াসা সূত্র জানায়, ২০০৫ সালের আগস্টে মোহরা প্রকল্পের দরপত্র আহ্বান করা হলে সাতটি প্রতিষ্ঠান তাতে অংশ নেয়। ওয়াসার কারিগরি মূল্যায়ন প্রতিবেদনে চারটি প্রতিষ্ঠানকে যোগ্য বলে বিবেচনা করা হয়। এর মধ্যে দরপত্র মূল্যায়ন কমিটি সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান ডিসিএল অ্যান্ড অ্যাসোসিয়েটসকে বাছাই করে। তাদের দরপ্রস্তাবের পরিমাণ ছিল ৬৩ কোটি ৪০ লাখ টাকা।দরপত্র মূল্যায়ন প্রতিবেদন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হলে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি দরপত্র পুনরায় পরীক্ষা-নিরীক্ষার জন্য তিন সদস্যের কমিটি করে। ২০০৬ সালের ৭ জুলাই ওই কমিটি সর্বনিম্ন দরদাতা ডিসিএল অ্যান্ড অ্যাসোসিয়েটসের দরপত্র অগ্রহণযোগ্য বলে গণ্য করে। কমিটি দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা ইপিআই-বিএফইডব্লিউকে গ্রহণযোগ্য দরদাতা হিসেবে গণ্য করে।২০০৬ সালের ২১ আগস্ট মন্ত্রিসভার ক্রয়সংক্রান্ত কমিটি (সিপিটিআই) মোহরা পানি শোধনাগার প্রকল্পের দরপ্রস্তাব অনুমোদন না করে তা পুনঃদরপত্রের জন্য ওয়াসাকে নির্দেশ দেয়। মন্ত্রিসভার ক্রয় কমিটির এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করে ইপিআই-বিএফইডব্লিউ। ২০০৮ সালে হাইকোর্ট এই প্রতিষ্ঠানের অনুকূলে রায় দেন। ২০০৯ সালের এপ্রিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে চট্টগ্রাম ওয়াসা। গত বছরের ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগ চট্টগ্রাম ওয়াসার পক্ষে রায় দেন। কিন্তু আজ পর্যন্ত ওই রায়ের কপি পায়নি ওয়াসা। এ কারণে চট্টগ্রাম ওয়াসার মোহরা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করতে পারছে না চট্টগ্রাম ওয়াসা।ওয়াসা সূত্র জানায়, চট্টগ্রাম ওয়াসা নগরবাসীর চাহিদার মাত্র এক-তৃতীয়াংশ পানি সরবরাহ করছে। কাজেই নগরবাসীর পানির চাহিদা পূরণে নতুন প্রকল্প বাস্তবায়নের কোনো বিকল্প নেই। গত বছরের ডিসেম্বরে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মোহরা প্রকল্প এলাকা পরিদর্শন করেন। তিনি প্রকল্পের কাজ শুরু করতে ওয়াসার কর্মকর্তাদের নির্দেশও দেন। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের কপি না আসায় কাজ আর শুরু হয়নি।ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম শাখার সভাপতি মোহাম্মদ হারুন বলেন, চট্টগ্রাম শহরের আয়তন যেভাবে বাড়ছে, সেভাবে ওয়াসা পানি সরবরাহ করতে পারছে না। পানির জন্য চট্টগ্রামে হাহাকার চলছে। এ জন্য নতুন নতুন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শহরে পানি সরবরাহ বাড়াতে হবে। মোহরা দ্বিতীয় পর্যায়ের প্রকল্প জরুরি ভিত্তিতে শুরু করার দাবি জানান তিনি। চট্টগ্রামে বর্তমানে পানির দৈনিক চাহিদা প্রায় ৬০ কোটি লিটার। কিন্তু চট্টগ্রাম ওয়াসা সরবরাহ করে ১৯ থেকে ২০ কোটি লিটার পানি। ভূ-উপরিভাগের পানি ব্যবহার করে এই চাহিদা মেটাতে ওয়াসা তিনটি প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে দিনে ১৩ কোটি লিটার উৎপাদনক্ষমতাসম্পন্ন কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের কাজ চলছে। এ ছাড়া চার কোটি লিটার উৎপাদনক্ষমতার মদুনাঘাট প্রকল্পের জন্য বিশ্বব্যাংক অর্থায়ন করবে বলে ওয়াসা সূত্রে জানা গেছে।