মামলা যাচ্ছে সিআইডিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহরের কৃষ্ণরামপুর জামে মসজিদের ইমাম জহির উদ্দিনের (৫২) গলাকাটা মৃতদেহ উদ্ধারের ঘটনার এক মাস পরও হত্যার কারণ জানতে পারেনি পুলিশ। এমন পরিস্থিতিতে এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলাটি অপরাধ পুলিশের তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তর করা হচ্ছে।
মামলার তদন্ত কর্মকর্তা সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মির্জা মো. হাছান প্রথম আলোকে বলেন, ‘মামলার তদন্তে কোনো অগ্রগতি নেই। এরই মধ্যে নিহত জহির উদ্দিনের শ্যালক মো. হাছানসহ পরিবারের সদস্যদের একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু তাঁদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।’
গত ১১ জুলাই রাতে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে জহির উদ্দিনের গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন তাঁর বড় ভাই থানায় অপমৃত্যুর মামলা করেন। পরে ময়নাতদন্ত প্রতিবেদনে চিকিৎসকেরা মতামত দেন, জহির উদ্দিন আত্মহত্যা করেননি, তাঁকে গলা কেটে হত্যা করা হয়েছে। এরপর ওই ঘটনায় হত্যা মামলা করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, হত্যা মামলাটি সিআইডিতে হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে এ-সংক্রান্ত চিঠি এসে পৌঁছেছে। তবে সিআইডি এখনো মামলার কাগজপত্র বুঝে নেয়নি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জহির উদ্দিনের পরিবারের সদস্যদের ঘটনার বিষয়ে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁরা তদন্তে সহায়তা করেছেন।