মামলা র্যাবে হস্তান্তরের নির্দেশ, দুজনকে রিমান্ডের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে সুড়ঙ্গ খুঁড়ে সোনালী ব্যাংক থেকে ১৬ কোটি ৪০ লাখ টাকা চুরির মামলাটি তদন্তের জন্য ৪৮ ঘণ্টার মধ্যে র‌্যাবের কাছে হস্তান্তরে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্রসচিব ও পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) প্রতি এ নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দুই সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর গতকাল সোমবার রুল জারির পাশাপাশি এ নির্দেশ দেন।
ওই ঘটনায় গ্রেপ্তার সোহেল ওরফে হাবিবের স্ত্রী এবং ওই টাকা ঢাকায় আনা ট্রাকের চালকের সহকারীকে গতকাল সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ।
দুটি দৈনিকে প্রকাশিত দুটি প্রতিবেদন যুক্ত করে র‌্যাবের মাধ্যমে তদন্ত করার নির্দেশনা চেয়ে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে এক আইনজীবী গত রোববার রিটটি করেন। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়। রুলে ওই অর্থ চুরির ঘটনায় ওঠা জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ তদন্ত করতে এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, আইজিপি, র‌্যাবের মহাপরিচালক, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার, কিশোরগঞ্জের পুলিশ সুপার ও কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
কিশোরগঞ্জ শহরে সোনালী ব্যাংকের জেলা প্রধান শাখায় সুড়ঙ্গ খুঁড়ে ভল্ট থেকে টাকা চুরির বিষয়টি গত ২৬ জানুয়ারি ধরা পড়ে। ওই দিনই ব্যাংক কর্তৃপক্ষ কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা করে। এর দুই দিন পর রাজধানীর শ্যামপুরের একটি বাসা থেকে পাঁচ বস্তা টাকাসহ সোহেল ও ইদ্রিসকে গ্রেপ্তার করে র‌্যাব।
কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ গতকাল সোহেলের স্ত্রী মাহিমা বেগম ও ট্রাকচালকের সহকারী আলমগীরকে সাত দিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন জানায়। আদালত আজ মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
পুলিশ জানায়, যে কাভার্ড ভ্যানে করে ২২২ বস্তা চাল ফরিদপুরে পাঠানো হয়েছিল, সেই কাভার্ড ভ্যানটি রোববার পুলিশ নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে আটক করেছে। কাভার্ড ভ্যানের চালক মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার আবদুস সাত্তার তালুকদার (৬০) ও সহকারী ভোলার ছলামত মিয়াকে (৫৫) আটক করে সদর মডেল থানায় পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। রিমান্ডে আনা ব্যাংকটির এমএলএসএস আবু বক্কর সিদ্দিককে জিজ্ঞাসাবাদ চলছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও সদর মডেল থানার ওসি মো. আবদুল মালেক জানান, মূল আসামি সোহেলকে নিয়ে ঘটনার সঙ্গে বিভিন্ন প্রক্রিয়ায় জড়িতদের প্রায় সবাইকে পুলিশ আটক করতে পেরেছে।