মামলা সম্পদ ঋণ সব দিকেই স্বতন্ত্র প্রার্থী এগিয়ে
পঞ্চগড় পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জেলা জামায়াতের আমির আবদুল খালেকের বিরুদ্ধে তিনটি মামলা আছে। বিএনপির প্রার্থীর বিরুদ্ধে সাতটি মামলার উল্লেখ থাকলেও সেগুলোর কোনোটিই এখন আর চলমান নেই। এই পৌরসভায় মেয়র প্রার্থী অপর দুজনের নামে কোনো মামলা নেই।
মামলার মতো আয়, সম্পদ এবং ঋণের দিক দিয়েও স্বতন্ত্র প্রার্থী আবদুল খালেক অন্য তিন প্রার্থীর চেয়ে এগিয়ে আছেন। হলফনামা ঘেঁটে এসব তথ্য পাওয়া গেছে।
পঞ্চগড়ে মেয়র পদে আওয়ামী লীগের জাকিয়া খাতুন, বিএনপির বর্তমান মেয়র তৌহিদুল ইসলাম, জাসদের আবদুল মজিদ এবং স্বতন্ত্র হিসেবে জামায়াতের আবদুল খালেক প্রতিদ্বন্দ্বিতা করছেন। চারজনই পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করেছেন।
আবদুল খালেকের বিরুদ্ধে আদালতে তিনটি ফৌজদারি মামলা রয়েছে। এসব মামলার ব্যাপারে তিনি বলেন, এগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনটিতেই তিনি জামিনে আছেন।
আবদুল খালেকের বার্ষিক মোট আয় ৮ লাখ ৬৯ হাজার টাকা।
বিএনপির প্রার্থী পৌর বিএনপির সভাপতি বর্তমান মেয়র তৌহিদুল ইসলামের বিরুদ্ধে সাতটি মামলার উল্লেখ রয়েছে। তবে এগুলোর তিনটি থেকে তিনি অব্যাহতি, তিনটিতে খালাস পেয়েছেন। আর একটি স্থগিত রয়েছে। তৌহিদুল ইসলামের বার্ষিক আয় ৩ লাখ ৭০ হাজার টাকা।
আওয়ামী লীগের জাকিয়া খাতুন পেশা হিসেবে ব্যবসা ও চাকরি উল্লেখ করেছেন। কিন্তু শুধু ব্যবসা থেকে আয় দেখিছেন ১ লাখ ২৬ হাজার টাকা। শিক্ষকতার আয় তিনি প্রদর্শন করেননি। সম্পদ এবং আয়ের দিক থেকে সবার নিচে আছেন জাসদের আবদুল মজিদ। তাঁর আয় ২ লাখ ৮০ হাজার টাকা।