রাজশাহী নগরের আবাসিক হোটেলে তরুণ-তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় মেয়েটির বাবার করা হত্যা মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডিতে) নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আদালতের অনুমতি নিয়ে পরীক্ষার জন্য ভিসেরা ও অন্যান্য আলামত ঢাকায় সিআইডিতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। গতকাল মঙ্গলবার পর্যন্ত ময়নাতদন্তের প্রতিবেদন পুলিশ হাতে পায়নি।
গত শুক্রবার দুপুরে সাহেববাজার এলাকার ‘নাইস ইন্টারন্যাশনাল’ হোটেলের একটি কক্ষের দরজা ভেঙে পুলিশ সুমাইয়া নাসরিন (২০) ও মিজানুরের (২৩) লাশ উদ্ধার করে। ওই দিন রাতে মেয়েটির বাবা আবদুল করিম বাদী হয়ে নগরের বোয়ালিয়া থানায় মামলা করেন। মামলায় হোটেলের কর্মচারীদের সহযোগিতায় ওই দুজনকে হত্যার অভিযোগ করা হয়েছে। সুমাইয়াকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। মামলাটি তদন্ত করছেন ওই থানার উপপরিদর্শক (এসআই) সেলিম বাদশা। ছায়া তদন্ত করছে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)।
এদিকে গত সোমবার পরীক্ষার জন্য ভিসেরা ও অন্যান্য আলামত ঢাকায় সিআইডিতে পাঠানোর জন্য আদালতের অনুমতি নেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা সেলিম বাদশা জানিয়েছেন, আলামত সিআইডিতে পাঠানোর প্রক্রিয়া চলছে।