মামলা সিআইডিতে, লাশ তোলা হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তের দায়িত্ব জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছ থেকে গতকাল মঙ্গলবার সিআইডিতে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, দ্বিতীয় দফা ময়নাতদন্তের জন্য তনুর লাশ আজ বুধবার কবর থেকে তোলা হবে। এ জন্য গত সোমবার পুলিশ আদালত থেকে অনুমতি পেয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) মো. শাহ আবিদ হোসেন গতকাল বলেন, ‘এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা। আসামি শনাক্তকরণে যেসব বিষয় প্রয়োজন, সেগুলো আরও নিশ্চিত হওয়ার জন্য লাশ তোলা হচ্ছে। আমরা চাচ্ছি, আসামিকে শনাক্ত করার জন্য ছোটখাটো একটা আলামতও যেন বাদ না পড়ে।’ তিনি বলেন, ‘তদন্তে সেনাবাহিনীর সহযোগিতা পাচ্ছি। ডিজিএফআইও তদন্ত করছে।’
এসপি গতকাল বিবিসি বাংলাকে বলেন, ‘আমাদের ধারণা, তাতে বোঝা যাচ্ছে যে তার ফুসফুস কনজাসটেড। হার্ট কনজাসটেড। ব্রেন কনজাসটেড। তাকে (তনু) হয়তো শ্বাসরোধ করে মারা হয়েছে। এর আগে তাকে ধর্ষণ করা হয়েছে কি না, এটা পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পর মন্তব্য করতে পারব।’
এদিকে সোমবার সন্ধ্যা থেকেই বাঙ্গরা থানার পুলিশের একটি দল মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামে তনুর কবর পাহারা দিচ্ছে।
২০ মার্চ রাত সাড়ে ১০টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর লাশ কুমিল্লা সেনানিবাসের ভেতর একটি কালভার্টের পাশের ঝোপ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বাবা মো. ইয়ার হোসেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।
মামলাটির প্রথম তদন্ত কর্মকর্তা ছিলেন কোতোয়ালি মডেল থানার এসআই ও সেনানিবাস ফাঁড়ির কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। গত শুক্রবার মামলাটি ডিবিতে স্থানান্তরিত হয়। গতকাল মামলাটি পাঠানো হয়েছে সিআইডিতে।