মামলা সোনা চোরাচালানের, জামিন মাদকে
সোনা চোরাচালানের মামলাকে মাদক চোরাচালান দেখিয়ে জামিন পেয়েছেন এক আসামি। জাল কাগজপত্র তৈরি করে হাইকোর্ট থেকে লাকী আকতার ওরফে মুক্তা নামের ওই আসামি জামিনে বেরিয়ে গেছেন।
হাইকোর্টের আদেশ অনুযায়ী ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আসামি লাকী আকতারের পক্ষে জামিননামাও দাখিল করা হয়। নিম্ন আদালতের নথি যাচাই না করেই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত জামিননামা গ্রহণ করেন। এরপর তিনি কারাগার থেকে মুক্তি পান।
আদালত সূত্র জানায়, হাইকোর্ট গত ৯ জুলাই লাকী আকতারকে ছয় মাসের অন্তর্বর্তী জামিন দেন। পরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জামিননামা দাখিল করা হয়। কিন্তু আদালত মামলার নথি যাচাই না করেই আসামির জামিননামা গ্রহণের আদেশ দেন। এরপর গত ২ আগস্ট মামলাটির বিচার নিষ্পত্তির জন্য ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। কয়েক দিনের ব্যবধানে মামলাটি মহানগর দায়রা জজ আদালত বিশেষ ট্রাইব্যুনাল-১০-এ পাঠানো হয়।
সূত্র জানায়, চলতি বছরের ১২ এপ্রিল কুয়ালালামপুর থেকে আসেন লাকী আকতার। বিমানবন্দরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর যাত্রী লাকী আকতারের দেহ তল্লাশি করে ১০০ গ্রাম ওজনের ১০টি সোনার বার উদ্ধার করেন। এ ঘটনায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা আল আমিন ভূঁইয়া বিমানবন্দর থানায় শুল্ক আইন ও বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন। গত ২৮ মে গ্রেপ্তার হওয়া লাকীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
হাইকোর্টে আসামির পক্ষে আবেদনে উল্লেখ করা হয়, আসামির কাছ থেকে ২৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। ফেনসিডিল চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। আসামি লাকী আকতারের পক্ষে হাইকোর্টে জামিনের আবেদন করেন আইনজীবী নাসিমা আখতার সানু। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল হাই। তিনি প্রথম আলোকে বলেন, বিষয়টি আদালতের নজরে আসার সঙ্গে সঙ্গে জামিনের আদেশটি হাইকোর্ট প্রত্যাহার করেছেন। আসামি পক্ষের আইনজীবী ও তদবিরকারকের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট।
বিমানবন্দর নিবন্ধন শাখা সূত্রে জানা যায়, মামলাটিতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। বিচার নিষ্পত্তির জন্য গত ২ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে।
আদালত সূত্র জানায়, হাইকোর্ট থেকে জামিন হলে মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারিক শাখায় (জেপি) জামিননামা দাখিল করা হয়ে থাকে। ওই শাখার দায়িত্বে আছেন ওমর ফারুক চৌধুরী। এ বিষয়ে জানতে চাইলে ওমর ফারুক চৌধুরী কোনো মন্তব্য করতে রাজি হননি।