চট্টগ্রামের আনোয়ারার তালসরা দরবার শরিফের দুই কোটি টাকা লুটের মামলার বিচার শুরু হয়নি আড়াই বছরেও। এ ঘটনায় র্যাব-৭-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল জুলফিকার আলী মজুমদারসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। আদালত অভিযোগপত্র গ্রহণও করেছেন।
তবে বিচার শুরু হওয়ার আগেই আসামিরা উচ্চ আদালতে গিয়ে স্থগিতাদেশ পেয়েছেন। জানা গেছে, গত ৭ এপ্রিল ছয় মাসের জন্য স্থগিতাদেশ দেন আদালত৷ চট্টগ্রাম বিচারিক হাকিম আদালত ১৫ মে মামলার পরবর্তী তারিখ ধার্য করেন। এ মামলার সাত আসামির সবাই জামিনে রয়েছেন।
২০১১ সালের ৪ নভেম্বর তালসরা দরবার শরিফ থেকে দুই কোটি সাত হাজার টাকা লুট করার অভিযোগ ওঠে র্যাবের বিরুদ্ধে। পরের বছরের ১৩ মার্চ র্যাবের ১০ সদস্য ও দুই সোর্সসহ ১২ জনের বিরুদ্ধে আনোয়ারা থানায় একটি ডাকাতির মামলা করা হয়।
চট্টগ্রাম আদালতের জেলা কোর্ট পরিদর্শক উনু মং প্রথম আলোকে বলেন, ‘দরবারের কোটি টাকা লুটের মামলায় সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হওয়ায় অপেক্ষায় রয়েছে। কিন্তু উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় মামলাটির শুনানির দিনে শুধু পরবর্তী তারিখ পড়ছে। বিচারের জন্য দায়রা জজ আদালতে পাঠানো যাচ্ছে না।’
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুর রশীদ বলেন, দেশজুড়ে আলোচিত এ মামলা দ্রুত নিষ্পত্তি করে অপরাধীদের আইনের আওতায় আনা উচিত। নইলে এ ধরনের ঘটনা বাড়তে থাকবে।
চট্টগ্রাম আদালতের জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাশেম জানান, স্থগিতাদেশ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলাপ করা হবে। দ্রুত বিচারকাজ শুরু করার চেষ্টা করবে রাষ্ট্রপক্ষ।
আসামিপক্ষের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী জানান, স্থগিতাদেশ প্রত্যাহার কিংবা মেয়াদ শেষ হওয়ার পর মামলাটি বিচারের জন্য প্রস্তুত হবে। আসামিরা নিম্ন আদালতের প্রতি সংক্ষুব্ধ হয়ে উচ্চ আদালতের শরণাপন্ন হন।
দরবার শরিফের টাকা লুটের অভিযোগ উঠলে ২০১২ সালের ৩০ এপ্রিল অভিযুক্ত জুলফিকার আলী মজুমদারকে চাকরিচ্যুত করে সেনাবাহিনী। এরপর ৩ মে ঢাকার রমনা থানা এলাকায় বন্ধুর বাসা থেকে গ্রেপ্তার হন তিনি।
আনোয়ারা থানায় দায়ের হওয়া এ মামলায় ২০১২ সালের ২৮ জুলাই জুলফিকার আলীসহ সাতজনকে আসামি করে দণ্ডবিধির ৩৯৫ ও ৩৯৭ ধারায় অভিযোগপত্র দাখিল করা হয় চট্টগ্রাম বিচারিক হাকিম আদালতে। অন্য আসামিরা হলেন তৎকালীন র্যাব-৭-এর সদস্য ফ্লাইট লেফটেন্যান্ট (বাধ্যতামূলক ছুটিতে) শেখ মাহমুদুল হাসান, র্যাবের ডিএডি আবুল বশর, উপপরিদর্শক (এসআই) তরুণ কুমার বসু, র্যাবের সোর্স দিদারুল আলম, মানব বড়ুয়া ও আনোয়ার মিয়া।