ডেইলি স্টার পত্রিকার সম্পাদক ও সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ।
গতকাল বুধবার ঢাকা ক্লাবে অনুষ্ঠিত সম্পাদক পরিষদের এক সভায় গৃহীত প্রস্তাবে এ নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, ‘এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। আমরা আশা করি, মাহ্ফুজ আনামের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহার করা হবে এবং এ ব্যাপারে সকল মহলের শুভবুদ্ধির উদয় হবে।’ ১৪ জন সম্পাদকের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই সভায় মাহ্ফুজ আনামের
বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ৬৬টি মামলায় ৮২ হাজার ৬৪৬ কোটি ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সম্পাদক পরিষদের সভাপতি ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। উপস্থিত ছিলেন ডেইলি স্টার সম্পাদক ও সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মাহ্ফুজ আনাম, নিউজ টুডের সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ইনডিপেনডেন্ট সম্পাদক এম শামসুর রহমান, বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক নঈম নিজাম, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নিউ এজ সম্পাদক নূরুল কবির, কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক ইমদাদুল হক মিলন, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত ও ঢাকা ট্রিবিউন-এর সম্পাদক জাফর সোবহান। বিজ্ঞপ্তি।