ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের নেতা রুহুল আমিন বিশ্বাস হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল সোমবার পর্যন্ত কোনো মামলা হয়নি। পুলিশ কাউকে আটক করেনি। গতকাল সোমবার বিকেলে সদর উপজেলার বাগুটিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
এদিকে নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখনো মামলা করা হয়নি। সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে। সদর উপজেলার বাগুটিয়া গ্রামের রুহুল আমিন বিশ্বাস গত রোববার রাত আটটার দিকে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।
সংশোধনী: ‘ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান খুন’ শিরোনামে গতকাল সোমবার প্রথম আলোর শেষের পাতায় প্রকাশিত সংবাদে একটি ভুল তথ্য প্রকাশিত হয়েছে। সংবাদে বলা হয়, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই নিহত রুহুলকে দেখতে সদর হাসপাতালে যান। এই তথ্যটি সঠিক নয়। তিনি রুহুলকে দেখতে যাননি।