রাজধানীর মগবাজারের সোনালীবাগে গুলি করে তিনজনকে হত্যার ঘটনায় গতকাল শুক্রবার রাতে রমনা থানায় মামলা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
রমনা থানার পুলিশ জানায়, ওই ঘটনায় নিহত রানু আক্তারের বড় ভাই মো. শামীম ওরফে কালাচান বাদী হয়ে স্থানীয় সন্ত্রাসী শাহ আলম ওরফে কালা বাবুকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে এই মামলা করেন। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের সূত্র জানায়, গতকাল কালা বাবুর দুই চাচি চম্পা বেগম ও চায়না বেগমকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
পুলিশ দাবি করেছে, এই হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের সম্পর্কে অনেক তথ্য পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গত বৃহস্পতিবার রাতের ওই হত্যাকাণ্ডে ১২ জন অংশ নেয়। তাদের সবার হাতেই ছিল আগ্নেয়াস্ত্র।
সোনালীবাগে চান বেকারির গলিতে বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে গুলি করলে বিল্লাল (২৮), মুন্না (২৫) ও হৃদয় (২২) গুলিবিদ্ধ হন। পরে সন্ত্রাসীরা ধাওয়া করে গলিতে নিয়ে হৃদয়ের বোন রানু আক্তারকে (৩০) গুলি করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁদের মধ্যে রানু, বিল্লাল ও মুন্নাকে মৃত ঘোষণা করেন। হৃদয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ময়নাতদন্ত শেষে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে তিনজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, নিহত রানুর বড় ভাই কালাচান মগবাজার ওয়্যারলেস গেট রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। কালাচানকেও সবাই সন্ত্রাসী হিসেবে জানে। রেলওয়ের জমির ওপর চার কক্ষের একটি টিনশেড বাড়ির দখল নিয়ে তাঁর সঙ্গে সন্ত্রাসী কালা বাবুর বিরোধ ছিল। এ কারণেই সহযোগীদের নিয়ে কালা বাবু এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার শিবলী নোমান বলেন, কী কারণে তিনজনকে হত্যা করা হয়েছে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, পুলিশ তা অনেকটাই নিশ্চিত হয়েছে। হত্যায় অংশ নেওয়া বেশ কয়েকজনের নাম-পরিচয়ও পাওয়া গেছে। এখন তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
নিহত রানুর আরেক ভাই মো. প্রাণ গতকাল মর্গে সাংবাদিকদের বলেন, ওই জায়গাটি তাঁর ভাই কালাচান ও রানু বৈধভাবেই স্থানীয় রনির কাছ থেকে কিনেছিলেন। সেখানে ঘর তুলে ভাড়া দেওয়া হলেও রানু ও কালাচান পাশের বাসায় ভাড়া থাকতেন। জায়গাটি কালা বাবুর পৈতৃক (দাদার বাড়ি) বাড়ির সামনে হওয়ায় সে তা দখলে নিতে মরিয়া ছিল।
তবে স্থানীয় লোকজন জানান, মগবাজার ওয়্যারলেস রেলগেট থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত রেলওয়ের অন্তত ২৪ বিঘা জায়গা দখল করে বস্তি গড়ে তোলা হয়েছে। সেখানে মাদক, অবৈধ বিদ্যুৎসহ নানা ধরনের ব্যবসা দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণ করেছে সন্ত্রাসী তানভীরুল জামান খান ওরফে রনি। রনি পালিয়ে যাওয়ার পর কালা বাবু ওই বস্তির নিয়ন্ত্রণ নেয়। স্থানীয় আরেক সন্ত্রাসী মাহাবুবুর রহমান ওরফে রানার সঙ্গে মিলে কালাচান ওই বস্তি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। এর জের ধরে গত জানুয়ারি মাসে খুন হয় মাহাবুব। এরপর তার ভাই মিঠু ওই এলাকার কেব্ল ব্যবসাসহ কিছু ব্যবসার নিয়ন্ত্রণ নেয়। মিঠুর সঙ্গে মিলে যান কালাচান। এসব নিয়ে কালা বাবুর সঙ্গে তাঁর বিরোধ বাড়তে থাকে।
গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিজেকে শামীম হিসেবে পরিচয় দেন কালাচান। তিনি এই হত্যাকাণ্ডের বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।