আইন ও বিচারমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কোনো অভিযোগ নিয়ে মামলা হলে সরকার অবশ্যই তা তদন্ত করে ব্যবস্থা নেবে। গতকাল মঙ্গলবার বিবিসি বাংলার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বর্তমানে যুক্তরাজ্য সফর করছেন।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে আইনমন্ত্রী বলেন, ‘সরকার প্রথম থেকেই বলে আসছে, সরকার কখনোই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অনুমোদন করে না। এ রকম হত্যাকাণ্ড যদি হয়ে থাকে, আর আমরা যদি সঠিক অভিযোগ পাই, তদন্ত করে পাই যে সেটি বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড, তাহলে যারা এটি করেছে, আমরা তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনব।’
দেশের শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান উল্লেখ করে গতকাল প্রথম আলোয় প্রকাশিত খবরে বলা হয়, এ বছরের ১ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই ৪১ দিনে ৪৪ ব্যক্তি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘খবরের কাগজে খবর বেরোনো, এখানেই যদি এটার সমাপ্তি হয়, তাহলে আমি একে বিচারবহির্ভূত হত্যা বলে মেনে নিতে রাজি না।’
মন্ত্রী বলেন, ‘আমার কথা হচ্ছে, বাংলাদেশে আইনের শাসন আছে। যাঁরা এই রিপোর্টগুলো বের করছেন, তাঁরা নিজেরা বাদী হয়ে মামলা করুন, আমরা তদন্ত করতে রাজি আছি।’ অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘যাঁরা মারা গেছেন, হয় তাঁদের আত্মীয়স্বজন অথবা আইন ও সালিশ কেন্দ্রও মামলা করতে পারে। যেই মুহূর্তে মামলা হবে, সেই মুহূর্তে এটি সরকারের দায়িত্ব হয়ে যাবে তদন্ত করা। আমরা সেই তদন্ত করার জন্য উন্মুখ হয়ে আছি।’