মামলা হলো ধর্ষণচেষ্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উপকণ্ঠ সাভারের সবুজবাগ এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠলেও আটক পুলিশ কনস্টেবল শহীদুল আলমের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। ঢাকার নবাবগঞ্জ থানায় কর্মরত ওই কনস্টেবল বর্তমানে জেলহাজতে। আর নির্যাতিত মেয়েটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন। নির্যাতিত কিশোরী ও সবুজবাগের হিজড়াপট্টির বাসিন্দারা গত বুধবার সাংবাদিকদের জানায়, গত ২৪ জুন মেয়েটির প্রতিবেশী কনস্টেবল শহীদুল আলম পোলাও-বিরিয়ানি খাওয়ানোর কথা বলে তাকে তাঁর বাসায় নিয়ে যান। মেয়েটি ওই বাসায় যাওয়ার কিছুক্ষণ পর ভিসিডির সাহায্যে টেলিভিশনে নীল ছবি ছাড়েন শহীদুল। মেয়েটি ভয়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে শহীদুল ঘরের দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর বুধবার বিকেলে জনতা শহীদুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। দুই মাস বয়স থেকে মেয়েটিকে লালন-পালন করছেন হিজরাপট্টির বাসিন্দারা। ধর্ষণের ঘটনায় মেয়েটির পালক মা সাভার থানায় মামলা করেন। এতে শহীদুলের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। সাভার থানার পুলিশ পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে গত বৃহস্পতিবার কনস্টেবল শহীদুলকে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে সোপর্দ করে। আদালত রিমান্ড মঞ্জুর না করে তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। সাংবাদিকদের কাছে ধর্ষণের অভিযোগ করার পরও মামলায় ধর্ষণচেষ্টার অভিযোগ আনা প্রসঙ্গে বাদী প্রথম আলোকে বলেন, পুলিশ মামলা লিখে তাঁর টিপসই নিয়েছে। অভিযোগে কী লেখা ছিল তা তাঁকে পড়ে শোনানো হয়নি। এ প্রসঙ্গে সাভার থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, প্রাথমিক তদন্তে মেয়েটিকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। তাই ধর্ষণের চেষ্টার মামলাই নথিভুক্ত করা হয়েছে।