মামলা হয়, অনুমোদন পায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালের ১৫ সেপ্টেম্বর রাজধানীর শাহবাগ থানার পুলিশ ওসমানী উদ্যান থেকে চাঁপাইনবাবগঞ্জের বজলুর রহমানকে আটক করে। তাঁর কাছে ‘জিহাদি বই’ ও নিষিদ্ধ সংগঠন জেএমবির প্রচারপত্র পাওয়া গেছে—এ অভিযোগ এনে ওই দিনই সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। পরের বছর ৯ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। কিন্তু আদালত অভিযোগ আমলে নিতে পারছেন না। কারণ, এ আইনে অভিযোগ আমলে নিতে গেলে সরকারের অনুমোদন লাগবে, যা গত দুই বছরে পাওয়া যায়নি।
ঢাকা মহানগর দায়রা জজ আদালত সূত্রে জানা গেছে, গত দুই বছরে এমন প্রায় ১৩০টি মামলার অভিযোগপত্র আমলে নেওয়ার অনুমোদন চেয়ে সরকারের কাছে চিঠি লেখা হয়েছে। কিন্তু এ পর্যন্ত অনুমোদন বা জবাব মেলেনি।
এ বিষয়টিকে ‘সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ের অভাব’ বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রণালয় এ নিয়ে একটি সেল করে দিলেই পারে। হয় তারা অনুমোদন দেবে, না হয় খারিজ করে দেবে। ঝুলিয়ে রাখার তো কোনো মানে হয় না।’
সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার আসামিদের পক্ষে উচ্চ আদালতে লড়ছেন—এমন একাধিক আইনজীবী প্রথম আলোকে বলেন, দিনের পর দিন অনুমোদন না দিয়ে যদি মামলা ফেলে রাখা হয়, তাহলে আসামি স্বাভাবিকভাবে জামিন চাইতে উচ্চ আদালতে যাবেন। আবার উচ্চ আদালত আসামির বিনা বিচারে আটক থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে যদি জামিন দেন, তখন প্রশ্ন তোলা হয়। কিন্তু কোন পরিস্থিতিতে উচ্চ আদালত আসামিকে জামিন দিলেন, সেটা কেউ চিন্তা করেন না।
তিন বছর ধরে বিনা বিচারে কারাগারে থাকা বজলুর রহমান জামিনের জন্য গত মাসে হাইকোর্টে আবেদন করেন। কেন তাঁর জামিন মঞ্জুর করা হবে না, তা জানতে চেয়ে গত ১৯ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ সরকারের প্রতি রুল দেন। ২৩ নভেম্বর ওই আবেদনের ওপর পরবর্তী শুনানির দিন ধার্য আছে।
গত মাসে হাইকোর্টের একই বেঞ্চে চাঁপাইনবাবগঞ্জের আবদুল রাকিবের বিরুদ্ধে করা সন্ত্রাসবিরোধী আইনে মামলার কার্যক্রম বাতিলের জন্য একটি আবেদনের শুনানি হয়। মামলার নথি অনুযায়ী, ২০০৯ সালের ১৭ জুন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার পুলিশ রাকিবকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করে। ওই বছরের ৮ জুলাই পুলিশ তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। ২০১০ সালের ২৬ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ আদালত রাকিবের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
রাকিবের আইনজীবী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দা আসিফা আশরাফী। তিনি প্রথম আলোকে বলেন, নিম্ন আদালত সরকারের অনুমোদন না নিয়েই ২০১০ সালে রাকিবের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। ২০১৩ সালের ৩০ এপ্রিল যখন আদালত অনুমোদন চেয়ে সরকারের কাছে চিঠি পাঠান, তত দিনে রাষ্ট্রপক্ষের দুজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে গেছে। এ জন্য পুরো মামলার প্রক্রিয়া চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের সাবেক এই সাংসদ বলেন, ‘সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের গাফিলতির জন্য একজন মানুষ ছয় বছর ধরে বিনা বিচারে আটক থাকবেন, সেটা কীভাবে হয়? হয় বিচার করেন, না হলে ছেড়ে দেন।’ তিনি বলেন, তাঁর হাতে এমন অন্তত ১০টি মামলা আছে, যেগুলোর অভিযোগপত্র দীর্ঘদিন ধরে অনুমোদনের অপেক্ষায় আছে।
এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক প্রথম আলোকে বলেন, ‘অনুমোদন নেওয়া হয়নি—এমন যেসব মামলা সম্পর্কে আমাকে নিম্ন আদালত থেকে জানানো হয়েছিল (ইনটিমেশন), সেগুলো অনুমোদনের জন্য ব্যবস্থা গ্রহণ করেছি। বিষয়টি নিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলব। আশা করি, খুব তাড়াতাড়ি এ বিষয়টির সমাধান হবে।’
তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রথম আলোকে বলেন, ‘এ সম্পর্কে না জেনে আমি কোনো কথা বলব না।’
আইনজীবী ও আদালত-সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ২০০৯ সালে সন্ত্রাসবিরোধী আইনটি প্রণয়ন করা হয়। তখন এ আইনে করা মামলায় দুই দফায় অনুমোদন লাগত। প্রথমে তদন্ত শুরু করার আগে তদন্ত কর্মকর্তাকে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদন নিতে হতো। এরপর অভিযোগপত্র আমলে নিতে গেলে আদালতকে সরকারের অনুমোদন নিতে হতো।
২০১১ সালে ইফতেখারুল করিম নামের এক ব্যক্তি তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন। ওই আবেদনের সুরাহা করতে গিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দেখেন যে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনে করা ১১৭টি মামলায় জেলা ম্যাজিস্ট্রেট ও সরকারের পূর্বানুমোদন ছাড়াই তদন্ত ও অভিযোগ আমলে নেওয়া হয়েছে। ২০১৩ সালের ৪ এপ্রিল এ বিষয়ে হাইকোর্টের দেওয়া রায়ে বলা হয়, আদালত, সরকারপক্ষ বা আসামিপক্ষের আইনজীবী—কেউ এ বিষয়টি নজরে না আনায় এবং আইন অনুসারে মামলার কার্যক্রম না চলায় ওই ১১৭টি মামলার প্রক্রিয়া জটিল হয়ে গেছে।
এরপর ২০১৩ সালের জুনে আইনটি সংশোধন করা হয়। এতে বলা হয়, এ আইনে করা মামলার তদন্ত শুরু করার আগে শুধু জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে এবং অভিযোগপত্র আমলে নিতে গেলে আদালতকে সরকারের অনুমোদন নিতে হবে।
কিন্তু হাইকোর্টের ওই রায়ের আগেই ২০১২ সালের ১০ ডিসেম্বর ১১৮টি মামলার অভিযোগপত্র আমলে নেওয়ার অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু এরপর আর নিয়মিতভাবে এ ধরনের মামলার অনুমোদন দেওয়া হয়নি। বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে কিছু মামলার অনুমোদন দেওয়া হয়। ফলে গত দুই বছরে ১৩০টি মামলা সরকারের অনুমোদনের অপেক্ষায় পড়ে আছে, বিচার শুরু করা যাচ্ছে না। আর এসব মামলার আসামিরা বিনা বিচারে কারাগারে আটক আছেন।
আদালত-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার ‘অনুমোদন-সংক্রান্ত’ এ জটিলতার কারণে গত পাঁচ বছরে করা রাজধানীর ৪০টি থানায় করা ৩৫০টি মামলার একটিরও নিষ্পত্তি হয়নি।