মামলা হয়নি, অনুরাগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে নিজ হোটেলে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আতিকুর রহমান (৩০) খুনের ঘটনায় হোটেল অনুরাগ লিমিটেড বন্ধ করে দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে আতিকুরের মরদেহ গতকাল মঙ্গলবার দেওয়া হয়েছে পরিবারের জিম্মায়। তবে পরিবার বা হোটেল কর্তৃপক্ষ খুনের ঘটনায় কোনো মামলা করেনি।গত সোমবার বিকেলে হোটেলের ৩২২ নম্বর কক্ষে এমডি আতিকুর খুন হন। এ ঘটনার পর হোটেল পরিচালনার সার্বিক ব্যবস্থাপনা অনেকটা ভেঙে পড়ে। এ কারণে গতকাল সকালে হোটেলের বিভিন্ন কক্ষে অবস্থানরত ব্যক্তিদের হোটেল ত্যাগের নির্দেশ দিয়ে প্রধান ফটক তালাবদ্ধ করে রাখা হয়েছে। বিকেলে যোগাযোগ করলে একজন ব্যবস্থাপক (অভ্যর্থনা) জানান, কবে নাগাদ হোটেল খোলা হবে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত ছাড়াই বন্ধ করা হয়েছে। তবে ঘটনার তদন্তের স্বার্থে পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৯) নির্দেশনা অনুযায়ী হোটেলে কর্মরত সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী হোটেল ত্যাগ করছেন না। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ প্রথম আলোকে জানান, এ ঘটনায় গতকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে পুলিশ পলাতক শফিককে প্রাথমিকভাবে ঘাতক চিহ্নিত করে তাঁর অবস্থান বের করতে তৎপরতা চালিয়েছে।এদিকে গতকাল বিকেলে নগরের কুমারপাড়ায় আতিকের বাসায় গিয়ে দেখা গেছে, পুরো বাড়ি নিস্তব্ধ। শোকাহত পরিবারের সদস্য কেউই কথা বলার মতো অবস্থায় নেই। প্রতিবেশী ও নিকটাত্মীয়রা আতিকের বাবা-মা ও স্ত্রীকে সান্ত্বনা দিচ্ছেন। আতিকের চাচাত ভাই আবদুস শহিদ জানান, আতিকের মরদেহ একটি বেসরকারি হাসপাতালের শবাগারে রাখা হয়েছে। তাঁর একমাত্র ভাই আখলাকুর রহমান আজ বুধবার যুক্তরাজ্য থেকে দেশে ফিরবেন। তিনি ফিরলে মামলা করা হবে এবং লাশ দাফনের ব্যবস্থা করা হবে।উল্লেখ্য, আতিকুর রহমান যুক্তরাজ্যপ্রবাসী ছিলেন। প্রায় এক বছর আগে তাঁর বাবা হাজি খুরশেদ আলী অসুস্থ হওয়ায় তিনি যুক্তরাজ্য থেকে ফিরে হোটেলের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেন। দুই বছর আগে তিনি বিয়ে করেন। দুই ভাই এক বোনের মধ্যে আতিক বড়।নগরের ধোপাদীঘির উত্তরপাড় এলাকায় অবস্থিত অভিজাত হোটেল অনুরাগের ৩২২ নম্বর কক্ষ থেকে রশি দিয়ে বাধা অবস্থায় গত সোমবার বিকেলে আতিকুরের (৩০) মরদেহ উদ্ধার করা হয়। হোটেলের ওই কক্ষটি আতিকেরই বন্ধু ঢাকার গণকটুলী লেনের বাসিন্দা শফিকের (৩২) নামে বরাদ্দ ছিল। ঘটনার পর থেকে শফিক পলাতক।