মামলা হয়নি, পুলিশ বলছে হামলাকারীরা ছাত্রলীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে একুশে বইমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা-পাল্টা হামলার সময় পাশের জহুরুলনগর এলাকার তিনটি মেসে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটে জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় থানায় কোনো মামলাও হয়নি।
ওই ঘটনায় তিনটি মেসের ১০টি কক্ষ পুড়ে গেছে। একটি মেসে অগ্নিসংযোগের পাশাপাশি লুট করা হয়েছে শিক্ষার্থীদের কম্পিউটার, টাকা, কাপড়চোপড়। এতে তিন ছাত্রাবাসের কমপক্ষে ৩০-৩৫ জন শিক্ষার্থী আশ্রয়হারা হয়েছেন। বৈদ্যুতিক মিটার ভাঙচুর করা হয়েছে তিন মেসসহ ৩০ থেকে ৩৫টি মেসের। ঘটনার পর থেকেই কলেজ ক্যাম্পাসসংলগ্ন জহুরুলনগর এলাকার কয়েক শ মেসের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক-উৎকণ্ঠা বিরাজ করছে। উত্তেজনাকর পরিস্থিতিতে কলেজ ক্যাম্পাসে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করা হয়েছে।
কলেজ প্রশাসন ও পুলিশের ভাষ্যমতে, কলেজ ক্যাম্পাসে আয়োজিত মাসব্যাপী বইমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে বিরোধ সংঘর্ষে রূপ নিলে আরিফ, রায়হান, সাব্বির, মনির ও সজীব নামে পাঁচ কর্মী আহত হন। রাতে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসলাম হোসেনের নেতৃত্বে কলেজের পাশে জহুরুলনগর এলাকায় মোটরসাইকেল নিয়ে মহড়া দিতে গেলে ছাত্রলীগ কর্মী মোস্তাকিন রহমানের সমর্থকেরা ধাওয়া দেয় ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ ঘটনার জেরে রাত পৌনে ১০টা পর্যন্ত পাল্টাপাল্টি ধাওয়া এবং মেসে হামলার ঘটনা ঘটে। একপর্যায়ে জহুরুলনগর এলাকার তিনটি মেসে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়।
সরেজমিনে দেখা গেছে, টিনশেডের জাহানারা ম্যানশনে দুই ইউনিটের সব কক্ষেই ভাঙচুর চালানো হয়েছে। অগ্নিসংযোগ করা হয়েছে সাতটি কক্ষে। এখানে ২৬-২৭ জন শিক্ষার্থী থাকতেন। হামলা-অগ্নিসংযোগের পর থেকেই তাঁরা ছাত্রাবাসছাড়া। একই চিত্র মাসুম ছাত্রাবাসে। দ্বিতল ভবনের এই মেসের নিচতলায় সাত-আটজন শিক্ষার্থী থাকতেন। হামলাকারীরা এই মেসে লুটপাটও চালায়।
মাসুম ছাত্রাবাসের পাশের মেসের নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষার্থী বলেন, ৩০০-৪০০ হামলাকারীর অধিকাংশই বহিরাগত। হামলার সময় তারা উপর্যুপরি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসলাম হোসেন বলেন, হাসপাতালে আহত ব্যক্তিদের ভর্তি করে দিয়ে মোটরসাইকেলে অন্যদের মেসে পৌঁছে দিতে জহুরুলনগরে গেলে তিনি হামলার শিকার হন। মেসে কারা হামলা চালিয়েছে তা তিনি জানেন না দাবি করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে জহুরুলনগর এলাকায় মোটরসাইকেল, ছাত্রাবাস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রলীগের দুই পক্ষই জড়িত। তবে গতকাল শুক্রবার রাত আটটা পর্যন্ত কেউ মামলা বা অভিযোগ দিতে আসেনি। লুটপাটের বিষয়টি কেউ পুলিশকে জানায়নি।