মামলা হয়েছে, কেউ গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে জোড়া খুনের সঙ্গে জড়িত কাউকে গতকাল মঙ্গলবার পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় গত সোমবার রাতে মিরপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে।
মিরপুরের দক্ষিণ পীরেরবাগে আমতলার বটতলা এলাকায় রোববার রাতে জাহাঙ্গীর হোসেন ও আবদুল কাইয়ুম নামের দুজনকে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ জানায়, এক মেয়ের সঙ্গে বিল্লাল নামের একজনের প্রেমের সম্পর্ক ও পরে ওই মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে নিহত দুজনের পরিবারের কেউ ঘটনার কারণ সম্পর্কে সাংবাদিকদের কিছু জানাতে পারেননি।
হত্যাকাণ্ডের ব্যাপারে নিহত কাইয়ুমের ভাই ফরহাদ মিয়া বাদী হয়ে বিল্লালসহ ১৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনের বিরুদ্ধে মিরপুর থানায় মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার এসআই রফিকুল ইসলাম বলেন, ওই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। যে মেয়েটিকে নিয়ে ঘটনা, তার ঠিকানাও জানা যায়নি। তদন্ত চলছে।