মামলা ১৫ হাজার, ১১ পদে বিচারক তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে ১১ জন বিচারকের স্থলে কর্মরত আছেন মাত্র তিনজন। এ আদালতে এখন ১৫ হাজার মামলা ঝুলে আছে। দূর-দূরান্ত থেকে বিচারপ্রার্থীরা মাসের পর মাস আদালতে এসে হয়রানির শিকার হচ্ছেন বলে জানা গেছে।

১১ আগস্ট আদালত প্রাঙ্গণে আসা ঘোড়াঘাট উপজেলার ত্রিমোহনী ঘাট এলাকার মুক্তিযোদ্ধা আবদুর রহিম ও ইদ্রিস আলী মণ্ডল জানান, তাঁরা দ্বিতীয় শ্রেণীর বিচারিক হাকিম আদালত ৩ থেকে সমন পেয়ে একটি মামলায় সাক্ষ্য দিতে এসেছেন। কিন্তু নয় মাস ধরে এই আদালতের বিচারক নেই। তিন মাস ধরে প্রতি তারিখে তাঁরা এসে হয়রানির শিকার হয়ে ফিরে যাচ্ছেন। কাজের কাজ কিছুই হচ্ছে না।

আদালত সূত্রে জানা যায়, বিচারক-সংকটের কারণে বিচার-প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। বিচারপ্রার্থীরা যাতায়াত ভাড়া খরচ করে সাক্ষীদের নিয়ে প্রতি তারিখে আদালতে হাজির হচ্ছেন। তাঁদের আপ্যায়ন করাচ্ছেন। উকিল-সহকারীদের ফিস দিচ্ছেন। কিন্তু বিচারকের সময়ের অভাবে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে যাচ্ছে। এভাবে সময় ক্ষেপণের কারণে সাক্ষীরাও ঘটনার কথা ভুলে যাচ্ছেন। এ কারণে তাঁরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম জানান, শূন্য পদে বিচারক নিয়োগের জন্য সমিতির পক্ষ থেকে গত ১১ জুলাই আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রীর কাছে লিখিত আবেদন করা হয়েছে। কিন্তু কোনো ফল পাওয়া যায়নি। তিনি আরও জানান, সারা দেশেই বিচারক-সংকট চলছে। এ কারণে বিচারকের শূন্য পদ পূরণ করা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষে শিগগির সম্ভব হচ্ছে না।

আদালত সূত্র জানায়, জেলায় বিচারিক হাকিম আদালতের সংখ্যা ১১টি। এর মধ্যে একজন মুখ্য বিচারিক হাকিম, একজন অতিরিক্ত বিচারিক হাকিম, প্রথম শ্রেণীর চারজন ও দ্বিতীয় শ্রেণীর পাঁচজন বিচারক রয়েছেন। কিন্তু নয় মাস ধরে আদালতে মুখ্য বিচারিক হাকিম নেই। একজন অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এবং দুজন প্রথম শ্রেণীর বিচারিক হাকিম দিয়ে চলছে ১১টি আদালতের বিচারকাজ।

বর্তমানে এ আদালতে ১৫ হাজার মামলা রয়েছে। এর সঙ্গে প্রতিদিন নতুন নতুন মামলা যুক্ত হচ্ছে। প্রতিদিন গড়ে ৭৫০টি মামলা আদালতে ওঠে। তিনজন বিচারক প্রতি কার্যদিবসে আদালতে উপস্থিত থাকলেও তাঁদের পক্ষে এতগুলো মামলার নথি পর্যালোচনা, সাক্ষ্যগ্রহণ, যুক্তি-তর্ক শোনা, নোট নেওয়া, আদেশ লেখা ইত্যাদি করা সম্ভব হয় না। এ কারণে মামলাজট ও বিচারপ্রার্থীদের বিড়ম্বনা বাড়ছে।